স্বাধীনতা কাপ ফুটবল

চূড়ান্ত পর্বের লড়াই শুরু কাল

স্বাধীনতা কাপ ফুটবলের আসর শুরু হবে আগামীকাল শনিবার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বারো দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মোহামেডান এবং দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে নামবে। মোহামেডনের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ চূড়ান্ত পর্বে উঠার জন্য আয়োজিত বাছাই পর্বে নৌবাহিনী ও অগ্রণী ব্যাংকের মধ্যকার শেষ খেলাটির পর। অপরদিকে শেখ জামাল খেলবে ফেনীর সকার ক্লাবের সাথে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ম্যাচ শুরুর সময়টা গতকাল সন্ধ্যা পর্যন্ত ঠিক করতে পারেনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সবকিছু আগাম ঘোষণা করতে পারছে না বাফুফে। প্রয়োজনে এবার টুর্নামেন্টের কিছু ম্যাচ সকালেও আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। গতকাল বিকালে বাফুফে ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন। সব মিলিয়ে ২১ ম্যাচের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা। তারা বাফুফেকে দিচ্ছে ১২ লাখ টাকা। ব্যয়ের নিরিখে স্পন্সরের দেয়া অর্থ কম হলেও সমপ্রচার সুবিধা এবং পারিপার্শ্বিক কারণে টুর্নামেন্টের কর্মকর্তারা এতেই রাজি হয়েছেন। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ, রানার্সআপ তিন লাখ, সেমিফাইনালে উঠা অন্য দুই দলকে দেয়া হবে ৫০ হাজার টাকা করে। পেশাদার লিগের নয় দল ও বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের পাশাপাশি আট দলের বাছাই থেকে দু’টি মিলিয়ে আয়োজিত হচ্ছে চূড়ান্ত পর্ব। দলগুলো চূড়ান্ত পর্বে তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ খেলবে সেমিফাইনালে। সেরা রানার্সআপ দল নির্ধারণে প্রথম বিবেচনা করা হবে অর্জিত পয়েন্ট, এরপর গোলগড় এবং লালকার্ড হলুদকার্ড প্রাপ্তির হিসেব। এতেও সিদ্ধান্ত না হলে টস করে দল নির্ধারণ হবে বলে ড্র অনুষ্ঠানে জানানো হয়েছে। পৃষ্ঠপোষক এটিএন বাংলার সরাসরি ম্যাচ সম্প্রচার করার কথা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন সমপ্রচার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজিশ আলী খান তারপরও জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ম্যাচগুলো টিভির দর্শকরা উপভোগ করতে পারবেন। কাঠমান্ডুতে চ্যালেঞ্জ কাপ ফুটবলে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচের শেষ ১৫ মিনিট সম্প্রচার না করায় এই নিয়ে দর্শকরা প্রতিষ্ঠানটির ব্যাপারে হতাশ হয়েছেন। নওয়াজিশ আলী খান গতকাল এ ব্যাপারে বলেন, ‘আমরা চেষ্টা করবো খেলাটা যেন খবরের মধ্যে না পড়ে।’ আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘টিভি সম্প্রচারের সুবিধার জন্য আমরা ম্যাচের কিকঅফের টাইমটা সেভাবেই নির্ধারণের চিন্তাভাবনা করছি।’ স্বাধীনতা কাপ ফুটবলের তৃতীয় আসরে এবার ‘বি’ গ্রুপ হচ্ছে সবচাইতে কঠিন। কেননা এই গ্রুপে পেশাদার লিগের শীর্ষ দুই দল আবাহনী ও শেখ রাসেল রয়েছে। এই দুই দলকে টপকে গিয়ে গত আসরে চ্যাম্পিয়ন হয়ে চমক দিয়েছিল পুরান ঢাকার ফরাশগঞ্জ। শিরোপাধারীরাও আছে এই গ্রুপে। তবে ফরাশগঞ্জ কর্মকর্তাদের কাছ থেকে জানা গেল, এবার তাদের দলে বিদেশি ফুটবলার নেই। গ্রুপের অপর দল ব্রাদার্সেরও চেষ্টা থাকবে রানার্স আপ হয়ে শেষ চারে ওঠার। এই পর্বে ‘সি’ গ্রুপ হলো সবচাইতে দুর্বল। এই গ্রুপে আছে বিজেএমসি এবং সাবেক চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। ছাড়বে না আরামবাগ। গতকাল চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টের প্রথম দুইদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। এরপর থেকে কমলাপুর স্টেডিয়ামে খেলা হওয়ার কথা রয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল হবে আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গ্রুপিং ‘এ’ গ্রুপ ঃ মোহামেডান, শেখ জামাল, সকার ক্লাব, নৌবাহিনী/অগ্রণী ব্যাংক। ‘বি’ গ্রুপ ঃ আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, ফরাশগঞ্জ। ‘সি’ গ্রুপ ঃ মুক্তিযোদ্ধা সংসদ, বিজেএমসি, আরামবাগ এবং চট্টগ্রাম আবাহনী।