প্রস্তুত মোশাররফ রুবেলরা

এক গল টেস্ট দেশের ক্রিকেটারদেরই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ব্যাপারটার প্রমাণ পাওয়া গেল মোশাররফ হোসেন রুবেলের সঙ্গে কথা বলতে গিয়ে। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর আবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ওয়ানডে সিরিজের স্কোয়াডে যোগ দিতে সোমবার শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেবেন। একটু বাড়তি টেনশন থাকার কথা। কিন্তু রুবেল খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, ‘দলে সুযোগ পেলে জয় এনে দিতে যা করা সম্ভব করব। আর অবশ্যই ওদের বিপক্ষে ওয়ানডে জেতা সম্ভব। গলে ব্যাটসম্যানরা যা করেছে তাতে আরো ভালো ফল পাওয়া অসম্ভব নয়।’ সোমবার ওয়ানডে দলে যোগ দিতে মোশাররফ হোসেন ছাড়াও ঢাকা থেকে যাবেন অলরাউন্ডার জিয়াউর রহমান, পেসার নাজমুল হোসেন। দল নিয়ে এই বিশ্বাস, স্বপ্ন আছে। এর বাইরে মোশাররফের জন্য ব্যক্তিগতভাবে এই শ্রীলংকা সফরটা স্বপ্ন পুনঃনির্মাণের একটা ব্যাপার। মোহাম্মদ রফিক অবসরে যাওয়ার সময় বলেছিলেন, বাঁহাতি স্পিনার হিসেবে তার সত্যিকার উত্তরসূরি হতে পারেন রুবেল। সেই প্রতিশ্রুতি নিয়েই ২০০৮ সালে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া মোশাররফ গত পাঁচ বছরে আর ডাক পাননি দলে। এর মধ্যে আইসিএলে গিয়ে ক্যারিয়ার প্রায় শেষই করে দিয়েছিলেন। আবার ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ভালো পারফরম করেও জাতীয় দলে আর ঢোকা হচ্ছিল না। নিজেই বললেন, ‘একটু হতাশই হয়ে পড়েছিলাম। তারপর এবার ডাক পেয়ে খুব খুশি হয়েছি। খুব খুশি। অনেক হার্ডওয়ার্ক করে দলে ফিরেছি। যে সময় শুরু করেছি; আমি আসলে তখন ম্যাচিউর ছিলাম না। নিজের কোয়ালিটি কাজে লাগাতে পারিনি। এখনো আমি মনে করি আমার সামনে সময় আছে। এবার সেই স্বপ্নটা পূরণ করতে চাই।’ আর স্বপ্নপূরণের শুরুটা এই শ্রীলংকা থেকেই হলে বাংলাদেশও উপকৃত হয়।