ওয়েলিংটন টেস্ট

চালকের আসনে ইংল্যান্ড

আগের ম্যাচেই পেয়েছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চরি। এই ম্যাচে আবারও নিক কম্পটনের সেঞ্চুরির আনন্দে উত্তাল ইংল্যান্ড শিবির। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিক কম্পটন ও জোনাথন ট্রটের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই চালকের আসনে ইংল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিভার্সে চলমান ম্যাচে কম্পটন-ট্রট জুটির ২১০ রানের সুবাদে প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৬৭ রান। কম্পটনের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর ট্রট ১২১ এবং কেভিন পিটারসেন ১৮ রানে অপরাজিত রয়েছেন। স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কিউই বোলাররা শুরুতেই এক উইকেট শিকার করলেও পরে ইংল্যান্ড ব্যাটসম্যানরা চরম শিক্ষা দিয়েছে স্বাগতিক বোলারদের। ড্র হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হলে এ ম্যাচে নিজেদের উপযোগী উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। এ ম্যাচে কোনমতেই ভুল করেনি সফরকারীরা। প্রথম দিনে প্রথম ঘণ্টায় কিউইদের একমাত্র সাফল্য ইংলিশ অধিনায়ক এলিস্টার কুকের উইকেটটি। নেইল ওয়াগনারের ইনসুয়িং বলে মিড অনে ফিটার ফুলটনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে কুকের সংগ্রহ ১৭। কুকের বিদায়ের পর ইনিংস গড়ে তোলার দায়িত্ব নিয়ে কম্পটন-ট্রট ৬৩ ওভার ব্যাট চালিয়ে কিউই বোলারদের হতাশায় নিমজ্জিত করেন। প্রায় সারাদিন ব্যাট চালিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নেন ট্রট। দিনের শেষ অধিবেশনে নিজের ১৪তম বাউন্ডারিতে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার পর এ ম্যাচেরও প্রথম ইনিংস সেঞ্চুরি পূর্ণ করার পর পরই কম্পটন আউট হলে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৬৩। সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসটাকে আর লম্বা করতে পারেননি তিনি। ব্রুস মার্টিনের বলে স্লিপে রস টেইলরের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন তিনি। প্রথম ম্যাচে শূন্য এবং ১২ রান করা পিটারসেন এ ইনিংসে অত্যন্ত সাবধানে ব্যাট চালিয়ে ৪৮ বলে ১৮ রানে অপরাজিত আছেন। টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ফেভারিট হিসাবেই তিন ম্যাচের এ সিরিজ শুরু করে। র্যাংকিংয়ে অষ্টম স্থানের দল নিউজিল্যান্ড ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে কোন টেস্ট সিরিজ জয় করতে পারেনি। প্রথম টেস্টে চালকের আসনে থাকার পরও ড্র মানতে বাধ্য হওয়া নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালামকে নিজ দলের পারফরম্যান্সে হতাশই হতে হবে। ইংল্যান্ড প্রথম ইনিংস: এ কুক ক ফুলটন ব ওয়াগনার ১৭ এন কম্পটন ক টেইলর ব মার্টিন ১০০ জে ট্রট অপরাজিত ১২১ কে পিটারসেন অপরাজিত ১০০ অতিরিক্ত (ও-৫, লেবা-৩, নোব-৩) ১১ মোট উইকেট, ৯০ ওভার ২৬৭ উইকেট পতন : ১-২৬ (কুক), ২-২৩৬ (কম্পটন)। বোলিং : সাউথি ১৯-৪-৪৪-০, বোল্ট- ২০-৪-৭৮-০, ওয়াগনার- ২২-৫-৭০-১, মার্টিন- ২-০-১৪-০। বাসস/এএফপি