ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চট্টগ্রাম আবাহনী চূড়ান্ত পর্বে

চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৯-০ গোলে হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ম্যাচে হ্যাটট্রিক করেন পলাশ ও সোহেল। এছাড়া ইসমাইল দুটি এবং বাদশা অপর গোলটি করেন। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। ঢাকা বিশ্ববিদ্যালয় দলে একসময়ে নামী ফুটবলাররা খেললেও এখনকাররা খেলোয়াড়রা মুলত ছাত্রই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (ফিজিক্যাল এডুকেশন) ও দলের কোচ জাকারিয়া বাবু স্বল্প সময়ে ঘষে মেজে দলটাকে দাঁড় করিয়েছিলেন। প্রথম রাউন্ডে অগ্রণী ব্যাংকের কাছে (২-০) হারলেও লটারি ভাগ্যে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। এরপর এই রাউন্ডে রহমতগঞ্জকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় রাউন্ডে গতকাল চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়। কিন্তু টানা তিন ম্যাচ খেলার মতো শারীরিক সামর্থ্য না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা চট্রগ্রামের দলটির সাথে শোচনীয় ব্যবধানে হারে।