বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতা-কর্মী গ্রেফতার

গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিগত হরতালগুলোতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয়। এদিকে দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে আগামী ২০ মার্চ অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরের মামলায় জেলার এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী ও স্থানীয় ইসলামীয়া ফাজিল-ডিগ্রী মাদ্রাসার শিক্ষক জামায়াত নেতা মাওলানা আব্দুল হককে গত বুধবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তবে লিয়াকত আলী নিজেকে নিরাপরাধ দাবি করে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। গত ৩ মার্চ বেতিলে অবস্থিত এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় এবং দলের খুকনী ও জালালপুর ইউনিয়ন কার্যালয় ভাংচুরের ঘটনায় বুধবার রাতে মামলাটি দায়ের করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ । মামলায় সাড়ে ৩শ’ জনের নাম উল্লেখ করে কমপক্ষে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা সবাই জামায়াত-বিএনপির নেতাকর্মী বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে লিয়াকত আলীকে গ্রেফতারের প্রতিবাদে আগামী ২০ মার্চ এনায়েতপুরে হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। থানা বিএনপির সাধারণ সম্পাদক মন্টু সরকার গতকাল বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বগুড়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবির ও বিএনপি এবং যুবদলের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে বগুড়া সদরে ৮ জন, শিবগঞ্জে ২ জন, দুপচাঁচিয়ায় ৫ জন, শাজাহানপুরে ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলা চালিয়ে ১৬টি সরকারি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও থানায় হামলার অভিযোগে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আনায়ারুল হককে গ্রেফতার করেছে পুলিশ। কুমারখালী সংবাদদাতা জানান, উপজেলার জাগরণ মঞ্চে হামলা মামলার আসামি জামায়াত সমর্থক ও কুষ্টিয়ার খোকসা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আরাফাত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরতলীর মায়ানমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি সকালে শহরের গণমোড়ে অবস্থিত গণজাগরণ মঞ্চে হামলা চালানো হয়। চট্টগ্রাম অফিস জানায়, সীতাকুণ্ড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদরাসা শিক্ষকসহ জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভাংচুর ও সহিংসতার ঘটনায় সীতাকুণ্ড থানায় ইতিপূর্বে দায়ের করা মামলায় বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সালাহউদ্দিন ও আব্দুল মমিন স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক। বাকিরা শিবির কর্মী। নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা জানান, ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি ও অর্থ সম্পাদক দুই সহোদরকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামে মাওলানা মোঃ সাইদুর রহমানের ছেলে ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ (৪০) ও অর্থ সম্পাদক মোঃ সাইফুল্লাহকে (৩২) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে ময়মনসিংহ ও শেরপুর থানায় মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার আরো ১০ জামায়াত-শিবির কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের ভয়ে কেউ কেউ পান বরজে রাত কাটাচ্ছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদরে ৬ জন, হরিণাকুন্ডুতে ২ জন এবং কালীগঞ্জ ও কোটচাঁদপুরে ১ জন করে রয়েছেন। মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, পুলিশ রাতে মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফেনীতে মিছিলে ককটেল, গাড়ি ভাংচুর ফেনী প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ফেনী শহরে মিছিল বের করে। মিছিলটি কলেজ রোড হয়ে ট্রাংক রোডে আসার পথে মিছিলে ককটেল বিস্ফোরণ হলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি বাস, ট্রাক ও সিএনজি ভাংচুর করে। পুলিশ এ সময় ধাওয়া করে ১৫ জনকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।