নেপালে প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন প্রধান বিচারপতি খিলরাজি রেগমি। গতকাল বৃহস্পতিবার শপথ নেন তিনি। আগামী তিন মাসের মধ্যে দেশটির সংসদীয় নির্বাচন করতে হবে। দশ মাস আগে দেশটির সংসদের মেয়াদ শেষ হলেও রাজনৈতিক মতভেদের কারণে অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে কাউকে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছিল না। এর মাধ্যমে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। খবর বিবিসির। আগামী জুনে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। গত বুধবার রাতে দেশের চারটি প্রধান রাজনৈতিক দল বিচারপতি রেগমিকে অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিতে একটি সমঝোতায় উপনীত হয়। প্রধান বিচারপতি তার মূল দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন। এ সময় তার পদবি হবে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারম্যান। নির্বাচনের পর তিনি তার মূল পদে ফিরে যাবেন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। রেগমি সাধারণ নাগরিকসহ সকল রাজনৈতিক দলকে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আহবান জানিয়েছেন। ২০০৮ সালে দেশটির শেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১২ সালের মে মাসে এর মেয়াদ শেষ হয়।