ঈমানদার জনতা বাংলার মাটিতে নাস্তিক ব্লগারদের কর্মসূচি দেখতে চায় না
প্রকাশ : ১৪ মার্চ ২০১৩, ২২:৪৮
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, দেশপ্রেমিক ঈমানদার জনতা বাংলার মাটিতে নাস্তিক ব্লগারদের আর কোন কর্মসূচি দেখতে চায় না। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল কালিশ্বরী মাদ্রাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার মাসে দেশবাসী প্রকৃত যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের সঠিক বিচার যেমন প্রত্যাশা করছে, তেমনি আল্লাহ-রসূল (স.)-এর অবমাননাকারীদের বিরুদ্ধে সংসদে শাস্তির আইন পাস, সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি জানাচ্ছে।
তিনি বলেন, সরকার দেশবাসীর প্রাণের দাবি মেনে না নিলে আগামী ২৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। দেশের সর্বস্তরের আলেম-ওলামা রাজপথের জিহাদে অবতীর্ণ হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আলেম-ওলামারা ঘরে ফিরবে না। কালিশ্বরীর পীরসাহেব মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুফতি জয়নাল আবেদীন, মুফতি সুজাউদ্দীন, মাওলানা আবুল কালাম, মুফতি হবিবুর রহমান, মাওলানা মহবুবুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা কাজী গোলাম সরোয়ার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি