বাংলাদেশে সহিংসতায় ব্রিটিশ মন্ত্রীর উদ্বেগ

দেশে সাম্প্রতিক সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী (সিনিয়র মিনিস্টার অব স্টেট) ব্যারনেস ওয়ার্সি। তিনি বিবদমান সকল পক্ষকে সংযত আচরণ করার আহবান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ার্সি বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক ধ্বংসাত্মক ও হতাহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং এসব হত্যা ও পুলিশের অতিমাত্রায় বল প্রয়োগের বিষয়টি তদন্তের জন্য দেশটির সরকারের কাছে আহবান জানাচ্ছি। একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে সংযত আচরণ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহবান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘গণতন্ত্রে সকল নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়ার অধিকার রয়েছে। আমরা বাংলাদেশের পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছি।’ প্রসঙ্গত, গত মাসে বাংলাদেশ সফর করেন ব্যারনেস ওয়ার্সি। এ বিষয়ে তিনি বলেন, ‘সফরকালে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাথে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কথা তুলে ধরেছি।’ তিনি আরো বলেন, ‘এটা বুঝতে হবে হরতাল-সহিংসতা ব্যবসা, পরিবার, সম্প্রদায় ও সংখ্যালঘুদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে