নতুন যন্ত্র ক্ষুদ্র কৃষকের উপযোগী হতে হবে

‘আমি কৃষিতে সব ধরনের আধুনিক যন্ত্র ব্যবহারের পক্ষে। কিন্তু কৃষক যদি গ্রহণ না করে তাহলে তো এটা কোনো কাজে আসবে না। কাজেই উদ্ভাবন বা নতুন আবিষ্কার এমন হতে হবে যেন তা ক্ষুদ্র ও মাঝারি কৃষক সহজে ব্যবহার করতে পারে।’ রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘কৃষির যান্ত্রিকীকরণ: বাংলাদেশ ও অন্যান্য দেশে নীতিমালা ও প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতা’ শীর্ষক কর্মশালায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। বেসরকারি সংস্থা ব্র্যাক এবং পরিকল্পনা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য (কৃষি) ড. এমএ সাত্তার মন্ডল এবং ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার-এর প্রতিনিধি স্কট জাস্টিস। কৃষিমন্ত্রী বলেন, আগামী দিনে সৌরশক্তি হবে বিকল্প জ্বালানির প্রধান উত্স, কারণ এজন্য সাধারণ মানুষকে বিদ্যুত্ বিল গুনতে হবে না। ‘কাজেই আমাদের কয়লা উত্তোলন না হওয়া পর্যন্ত এ শক্তিকে কীভাবে আরো কাজে লাগানো যায় সেদিকে মনোযোগ দিতে হবে।’ বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেন কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসাবে সরকারি-বেসরকারি ব্যাংককে শহর এলাকায় সংশ্লি¬ষ্ট ব্যাংকের একটি শাখা খুললে পলি¬ অঞ্চলেও একটি শাখা খোলার নির্দেশ দেয়া হয়েছে। এতে কৃষকরা আগের চেয়ে সহজে ব্যাংক সুবিধা পাবেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ উত্সাহিত করতে কৃষক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য (জিইডি) ড. শামসুল আলম, ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক ডব্লিউএমএইচ জেইম, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট প্রতিনিধি আকতার আহমেদ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল, এগ্রিকালচারাল মেকানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া প্রতিনিধি ভিকে তেওয়ারি, রুরাল মেকানাইজেশন ইন নেপাল প্রতিনিধি ডি গোচান প্রমুখ।