আশার স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক

সারাদেশের ৩ হাজার ব্র্যাঞ্চের ন্যায় নওগাঁর রানীনগরের সাতটি ব্র্যাঞ্চে একযোগে গত মঙ্গলবার বেসরকারি এনজিও সংস্থা আশা’র উদ্যোগে গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক ডায়রিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টার সময়ে আশা রানীনগর ব্র্যাঞ্চের উপজেলার ডালপট্টি পাড়া গ্রাম শাখায় “ডায়রিয়া প্রতিরোধের উপায় ও করণীয়” শীর্ষক মহিলাদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আশা’র সদস্য ছাড়াও শতাধিক মহিলারা অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার মির্জা সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা যদি ছোট-খাট রোগ বালাই সম্পর্কে সচেতন হতে পারি তাহলে অনেক বড় বড় রোগ আমাদের স্পর্শ করতে পারবে না । যেহেতু বড়দের পাশাপাশি ছোট ছোট ছেলে-মেয়েরাই ডায়রিয়া নামক ঘাতক রোগের স্বীকার বেশি হয় তাই আমরা মায়েরা যদি এই রোগ সম্পর্কে সচেতন হই তাহলে সহজেই আমরা এর প্রতিরোধ করতে পারি। ডায়রিয়া রোগের প্রতিরোধের উপায় হিসাবে খাবারের পূর্বে ও পায়খানা থেকে ফিরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া একটি অন্যতম উপায়। এছাড়াও ডায়রিয়া রোগের প্রতিরোধের উপায় হিসাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা, অপরিষ্কার হাত থেকে ছড়ানো রোগসমূহ সম্পর্কে অবহিতকরণ, কিভাবে হাত জীবাণু মুক্ত রাখা যায় ও পরিবারের সকল সদস্যদের ডায়রিয়া রোগের হাত থেকে মুক্ত রাখার উপায়সহ ইত্যাদি বিষয়ের উপর বিশদ আলোচনা করেন”। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশা’র রানীনগর এরিয়া ম্যানেজার মোঃ আ. মালেক, আশা রানীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, ২নং ব্র্যাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান ও লোন অফিসার সুলতান রশিদ প্রমুখ।