দাদী চরিত্রে সুচরিতার ‘না’

এ দেশের চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থা কাটাতে প্রবীণ পরিচালকদের পাশাপাশি অনেক তরুণ পরিচালকের অভিষেক ঘটছে। এ বছরে এইমধ্যে প্রায় ৩০টি চলচ্চিত্রের কাজ শুরু হয়ে গেছে, যার অধিকাংশই নবীন পরিচালক। আর এই নবীনেরা তাদের ছবির কাস্টিংও অনেকটা নতুন রাখছেন। একেবারে চরিত্রের কথা বিবেচনা করেই সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ করছেন। আর সেখানেই সিনিয়র শিল্পীরা জানাচ্ছেন আপত্তি। অনেকে নায়িকা ব্যাতিত অন্য কোনো চরিত্রে যেতেই চাইছেন না। নায়িকা ব্যতিতও অনেক চরিত্র একটি ছবির মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু অনেক সিনিয়র তারকা তাদের পূর্ব ইমেজ ধরে রাখার উদ্দেশ্যে চরিত্রাভিনেত্রী হতে নারাজ। তবে চরিত্রাভিনয়শিল্পী হিসেবে আমাদের দেশে সফলতার উদাহরণ দিয়েছেন, শাবানা, ববিতা, রাজ্জাক, আলমগীরসহ অনেকেই। তবে শাবনূর, মৌসুমী, পপি ও পূর্ণিমার মতো অনেক তারকা আবার এই চরিত্রাভিনয়শিল্পী হতে ঘোর আপত্তি জানিয়েছেন। সম্প্রতি ঠিক তেমনই এক আপত্তি জানালেন সুচরিতা। সালমান শাহ-মৌসুমীর ‘অন্তরে অন্তরে’ ছবির রিমেকের জন্য দাদী চরিত্রটির জন্য সুচরিতাকে প্রস্তাব করে রিমেক ছবিটির পরিচালক আতিক রহমান। প্রথমাবস্থায় সুচরিতা একটি ভালো সম্মানিতে রাজি হয়েছেন এই দাদীর চরিত্রটি করার জন্য। ক’দিন পরই সুচরিতা আবার জানান তিনি দাদীর চরিত্রটি করতে পারবেন না। তিনি আরও জানান, দাদীর চরিত্রের জন্য চুল সাদা করার পক্ষে মোটেও রাজি নন তিনি। সর্বোচ্চ মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি তিনি, কিন্তু দাদী! মোটেও না। পরবর্তীতে ছবিটির পরিচালক সুচরিতার বদলে এই দাদী চরিত্রে প্রস্তাব জানালেন শর্মীলী আহমেদকে। শর্মীলী আহমেদ এই চরিত্রটি করার জন্য রাজি হয়েছেন। উল্লেখ্য, এই ছবিতে সালমান শাহ-এর বদলে অভিনয় করছেন মডেল-অভিনেতা নিরব এবং মৌসুমীর বদলে অভিনয় করছেন অমৃতা খান। ছবির গল্প, গান ও সুরের কোথাও কোনো পরিবর্তন রাখছেন না পরিচালক। তবে সেটে অনেকটা আধুনিকায়ন আনা হবে বলে জানান।