মানবাধিকার নাট্যোত্সবে ‘স্বাধীনতা সংগ্রাম’

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ আয়োজিত ‘৭ম জাতীয় মানবাধিকার নাট্যোত্সব-২০১৩’-এর সমাপনী দিনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্তমঞ্চে স্বপ্নদলের মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘স্বাধীনতা সংগ্রাম’-এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। লোকখেলা, নৌকা বাইচ, জারি-সারি-পুতুলনাচ, উত্সব-মেলা-আনন্দে ঘেরা হাজার বছরের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান বাঙলা। কৃষিভিত্তিক এ ভূখণ্ডের স্বাভাবিক বিকাশপথে অপ্রত্যাশিত মধ্যখণ্ডন শান্তিপ্রিয় বাঙালির ওপর স্বার্থগত কারণে চাপিয়ে দেওয়া পাকিস্তানের বর্বর যুদ্ধ। আর এতে হানাদারদের সহযোগী হয় বাঙলারই অন্ন-জলে বেড়ে ওঠা সুবিধাবাদী কিছু স্বাধীনতাবিরোধী! অনিবার্য মুক্তির আহ্বানে তখন বাঙলার নির্যাতিত মানুষ একতাবদ্ধ হয়ে দাঁড়ায় এদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বাঙালির লাল-সবুজের পতাকা। এ প্রেক্ষাপট অবলম্বনেই নির্মিত হয়েছে স্বপ্নদল প্রযোজনা মূক-আঙ্গিকে বাঙালির গৌরবগাথা ‘স্বাধীনতা সংগ্রাম’।