ঝিনাইদহে শালিকের সংখ্যা বাড়ছে!
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৪
ঝিনাইদহ জেলাতে পাখির মধ্যে শালিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভোরে শালিকের কিচির মিচির আওয়াজে মানুষের ঘুম ভাঙ্গে। সকালে ঝাঁকে ঝাঁকে শালিককে খাবারের সন্ধানে বিভিন্ন স্থানে উড়ে বেড়াতে দেখা যায়। বিশেষ করে যে সকল স্থানে ধানের চাতাল আছে, তার আশে পাশে বেশি সংখ্যক শালিক নজরে পড়ে। শৈলকুপা, ডাকবাংলা, হাটগোপালপুর, কোটচাঁদপুর ও কালীগঞ্জের ধানের চাতালে সকালে শালিক পালকে ধান খেতে দেখা যায়। তিন প্রজাতির শালিকের বেশি দেখা মেলে। এ গুলোকে স্থানীয় ভাবে ঝুট শালিক, ময়না শালিক ও ত শালিক বলা হয়ে থাকে। প্রতি দিন সকালে ঝিনাইদহের শৈলকুপা শহরের একটি হোটেলের টিনের চালে ঝাঁক বেঁধে শালিকের পাল এসে বসে। হোটেল মালিক রাতে অবিক্রিত বাসি রুটি পরোটা ছিঁড়ে ছিঁড়ে চালের উপর ছিটিয়ে দেয়। শালিকের পাল ওই রুটি পরোটা খেয়ে উড়ে অন্যত্র চলে যায়। শৈলকুপার হাসপাতালের পাশে গাছে ও গরু হাটের আশপাশের গাছে শালিক অভয়ারণ্য গড়ে তুলেছে। আহার শেষে সন্ধ্যার আগে অভয়ারণ্য এসে আশ্রয় নেয়। স্থানীয় মানুষ শালিককে উত্পাত করে না। ফলে নিরাপদ বিধায় বছরের পর বছর শালিকের দল বসবাস করছে। শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ অধিকর্তা সরদার খায়রুল বাশার জানান, প্রচুর খাদ্য ও নিরাপদ পরিবেশ পাওয়ায় এ এলাকায় শালিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভোরে শালিকের কিচির মিচির ডাকে মানুষের ঘুম ভাঙ্গে বলে তিনি জানান। মানুষ এদের ঝাঁক বেঁধে চলা উপভোগ করে থাকে।