মির্জাপুরে গোড়াই লতিফপুর চানপুর ব্রিজ আট বছরেও শেষ হয়নি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৪
আমলাতান্ত্রিক জটিলতা, রড সিমেন্টের দাম দফায় দফায় বৃদ্ধির অজুহাত এবং ঠিকাদারী সংস্থার গাফেলতির কারণে ৮ বছরে পাঁচবার সময় বর্ধিত করার পরও শেষ হয়নি এলজিইডির অধীনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর উপর গোড়াই-লতিফপুর-চানপুর ৩২০ মিটার ব্রিজ নির্মাণের কাজ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বংশাই নদীর উপর লতিফপুর-চানপুর একটি পাকা ব্রিজ নির্মাণের। ২০০৬ সালে ৬ কোটি টাকা ব্যয়ে ৩২০ মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। শুরুতেই ঠিকাদারী সংস্থার নানা অনিয়ম দুর্নীতির কারণে কিছু কাজ করার পর ব্রিজ নির্মাণ বন্ধ হয়ে যায়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আসার পর এলাকবাসীর চাপের মুখে ও সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় কাজ শুরু হয়। কিছুদিন কাজ করার পর নানা অযুহাতে আবার কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগ ব্রিজের দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারী সংস্থাকে আবার সময় বর্ধিত করে দেন। কিন্তু ঠিকাদারী সংস্থা রড-সিমেন্টের দাম বৃদ্ধিসহ নানা জটিলতা দেখায়। প্রকৌশল বিভাগ এবং ঠিকাদারী সংস্থার মধ্যে রশিটানাটানিতে গত ৮ বছরেও ব্রিজের কাজ শেষ হয়নি। এব্যাপারে ঠিকাদারী সংস্থার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বলেন, বার বার রড সিমেন্টের দাম বৃদ্ধির ফলে ব্রিজের কাজ শেষ করতে সময় লাগছে। এব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী শামসুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লতিফপুর-চানপুর ব্রিজ নির্মাণের দেরি হবার অন্যতম কারণ রড সিমেন্টের দাম বৃদ্ধি। ব্রিজটির কাজ শেষ করার জন্য ঠিকাদারকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে পুনরায় কাজ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া স্থানীয় প্রকৌশল অফিস থেকে ব্রিজটির কাজ দ্রুত করার জন্য ঠিকাদারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।