সেনবাগে ভাতিজার হাতে চাচা খুন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগের পূর্ব ছাতারপাইয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে ভাতিজার হাতে চাচা আবুল খায়ের (৫৮) খুন হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ গতকাল দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সে ওই গ্রামের মিঝি বাড়ির মৃত আজাহার আলীর ছেলে। সকালে তাদের বসতবাড়িতে আবুল খায়েরের সঙ্গে তার ভাতিজা হেদায়েতউল্যাহ ও মোহাম্মদউল্যাহর একটি ওড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। যার পরবর্তীতে দুই ভাতিজা মিলে তাকে বেদম মারধর করলে ঘটনাস্থলে চাচা আবুল খায়ের মারা যায়। ঘটনার পর থেকে দুই ভাতিজা পলাতক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী সেনবাগ থানা অফিসার ইনচার্জ এমরান আলী বলেন, একটি ওড়া নিয়ে চাচার সঙ্গে ভাতিজাদের কথা কাটাকাটির পর মারামারি হয়। এরপর ঘটনাস্থলে চাচার মৃত্যু হয়। প্রাথমিকভাবে আঘাত ও মারামারির কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।