কুষ্টিয়া প্রতিনিধি
অপরাধজগত্ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে কুষ্টিয়ায় ২১৪ মাদক কারবারির শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে আজ সোমবার। কুষ্টিয়া স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জেলায় ২১৪ জন মাদক কারবারি অপরাধকর্ম ও অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পুলিশের কাছে আত্মসমর্পণের পর মাদককে লালকার্ড দেখিয়ে শপথ গ্রহণ করবেন। মাদক নির্মূলে মাদক বিরোধী সমাবেশ ও মাদক কারবারিদের শপথ অনুষ্ঠানকে জেলাবাসী সাধুবাদ জানিয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, মাদক বিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানের ফলে কুষ্টিয়ায় মাদক নির্মূলের পাশাপাশি মাদকের ভয়াবহ ছোবল থেকে জেলাবাসী স্বস্তি পাবে।