নাগেশ্বরীতে ৪০ হাজার মানুষের
ভরসা একটি কাঠের সেতু
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৯
নাগেশ্বরীর ৫ ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু। অসাবধানতায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রমত্তা দুধকুমার নদের ভাঙ্গা-গড়ার খেলায় কচাকাটা থানায় জেগে ওঠা ছোট বড় ২০টি চরে বসতি গড়ে ওঠে। এখানে জনসংখ্যা প্রায় ৪০ হাজার। এর পশ্চিম-উত্তর ও দক্ষিণদিক দিয়ে প্রবাহিত খরস্রোতা দুধকুমার নদ এবং পূর্বদিকে গোদার ছড়া নামক। গোদার ছড়া ঘুরে দুধকুমারের সাথে মিলিত হওয়ায় এলাকাটি পরিণত হয়েছে দ্বীপের মত। একারণে যোগাযোগ বিচ্ছিন্ন এ জনপদের বিশাল জনগোষ্ঠী। সম্প্রতি স্থানীয় চেয়ারম্যান মোখলেছুর রহমান নিজ খরচে সতিপুরি মৌজায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের সাথে সংযোগ স্থাপন করে গোদার ছড়ায় প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের একটি কাঠের সেতু নির্মাণ করেন। সেতু থেকে মূল ভূখণ্ডে চলাচলের কোন রাস্তা নেই। আব্দুল হাকিম, জাকির হোসেন, জহুরুল হক বলেন- রেলিং না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। তাছাড়া সেতু পেরিয়ে রাস্তার অভাবে দীর্ঘ চর হেঁটে যেতে হচ্ছে গন্তব্যে।