রাবিতে শূন্য পদ পূরণের
দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:০১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ সংবাদ সম্মেলন হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.সুলতান-উল-ইসলাম বলেন, ১৭দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে পড়ে আছে । এ কারণে বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলে, সেমিনার-সিম্পোজিয়ামে যোগদান, উচ্চশিক্ষা ও গবেষণা, এমনকি চিকিত্সার্থে বিদেশ গমনের প্রয়োজনীয় অনুমতি, পরীক্ষা সংক্রান্ত কাজে প্রশাসনিক অনুমোদন, আর্থিক বিষয়াদি ও সনদপত্র ইস্যুর মত জনগুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ হয়ে আছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা চরম উত্কণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.মু.আজাহার আলী, সদস্য প্রফেসর তাজুল ইসলাম, প্রফেসর তরিকুল ইসলাম, প্রফেসর শহীদুল আলম, প্রফেসর মাহমুদুর রহমান প্রমুখ ।