জাফলংয়ে পাথর চাপায় দিরাইয়ের ৩ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

‘এক বছরের ছোট পোলারে খইয়া গেছলা (ছেলেকে বলে গিয়েছিলেন), খাম তনি আইবার সময় (কাজ থেকে ফেরার পথে) বাজার তনি নয়া কাপড় (নতুন জামা কাপড়) লইয়া আইবা। এই আশায় পথ ছেয়ে আছে অবুঝ শিশু সন্তান, আমি ওখন বাঁচমু কেমনে। তিন ফুলারে লইয়া সাগরে ভাসছি, কি অপরাধ করছিলাম- ভগবান আমার এমন ক্ষতি খরল’- বেঁচে থাকার একমাত্র অবলম্বন স্বামীকে হারিয়ে এভাবেই চোখের জল ফেলছিলেন সিলেটের জাফলংয়ে পাথর চাপায় নিহত সুনামগঞ্জের দিরাই উপজেলা রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের রাবন সরকারের স্ত্রী আরতি রানী সরকার। বুধবার সিলেটের জাফলংয়ের বাল্লাঘাট এলাকার পাথর কোয়ারীতে পাথর চাপায় নিহত হন রাবন সরকারসহ একই এলাকার ৩ জন। অপর দু’জনের নাম নিখিল দাস (৩০) ও ভোলা দাস (৩২)। এর মধ্যে নিখিল দাস ও রাবন সরকারের বাড়ি উপজেলার রন্নারচর গ্রামে। ভোলা দাস পার্শ্ববর্তী রাজানগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম রাজকুমার দাস। বুধবার রাত থেকেই নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। বার বার মূর্ছা যাচ্ছেন নিহত নিখিল ও রাবনের স্ত্রী।