বাংলাদেশ ভারতসহ আট দেশে তীব্র পানি সংকট
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২০:০৪
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি চারটি দেশের মধ্যে তিনটি-ই বর্তমানে পানির তীব্র সংকটের মুখে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, কম্বোডিয়া, কিরিবাতি, নাউরু ও টুভালু’র অবস্থা সবচেয়ে খারাপ। এছাড়া পানি ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপ না নিলে আরো কিছু দেশ এ সংকটে পড়তে পারে।
বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পানি ফোরামের এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ‘এশীয় পানি উন্নয়ন প্রেক্ষিত-২০১৩’ শীর্ষক এই গবেষণায় এ অঞ্চলের দেশগুলোর ‘পানি নিরাপত্তা’র মাত্রা নির্ণয় করা হয়েছে। এতে দেখা যায়, এ অঞ্চলের ৪৯টি দেশের মধ্যে ৩৭টিতে-ই পর্যাপ্ত পানি নেই। আর এ অঞ্চলে শুধু ৩৫ শতাংশ মানুষের নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে। সুপেয় পানি প্রাপ্তি ও পয়ঃব্যবস্থা, শিল্প ও কৃষি খাতে এবং শহর এলাকায় পানি সরবরাহসহ পাঁচটি বিষয় বিবেচনায় রেখে পানি নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করা হয়।
এ বিষয়ে এডিবি’র এক বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বন্যা ও খরা, নদী ও হ্রদের দূষণ, অতিমাত্রায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলন ও জনসংখ্যা বৃদ্ধির কারণেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশ তীব্র পানি সংকটের মুখে পড়েছে। বিবৃতিতে এডিবি’র পানি বিশেষজ্ঞ লিঙ্কলায়েন বলেন, পানি ব্যবস্থাপনায় চীন ভাল নজির রেখেছে। তিনি সমন্বিতভাবে পানি ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প তি আহবান জানিয়েছেন।