লি কেকিয়াং চীনের নতুন প্রধানমন্ত্রী

চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা লি কেকিয়াং। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন। শুক্রবার চীনা আইন পরিষদ ন্যাশনাল পিপলস কংগ্রেস তাকে প্রধানমন্ত্রী পদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে। প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দেয়ার জন্য চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে আইন পরিষদের তিন হাজার প্রতিনিধি সমবেত হয়েছিলেন। প্রতিনিধিদের ভোটে লি আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত হয়েছেন। তবে পূর্বসূরির মতো তিনিও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে লিকে দেশের অভ্যন্তরীণ বিষয়াদি, অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকবিলা, পরিবেশগত সমস্যা ও নগরায়নের বিষয়গুলো দেখভাল করতে হবে। এর আগে বৃহস্পতিবার প্রতিনিধিরা চীনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত জি জিনপিংকে নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেন। বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেবেন।