জীবননগরে রাস্তার পাশের মূল্যবান
গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা
জীবননগর চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২১:৩৩
উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের রাস্তার পাশ থেকে মূল্যবান গাছ প্রকাশ্যে দিবালোকে কেটে নেয়া হচ্ছে। গত ১৫ দিনে ২০ লক্ষাধিক টাকার ৪৭ টি গাছ কেটে নেয়া হয়েছে। অথচ উপজেলা প্রশাসন গাছ চোরদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তবে জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আকতার রিনি গাছ চোরদের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া-দত্তনগর প্রধান সড়কের দুই পাশের শিশু, মেহগনি, মহানিমসহ ৪৭টি গাছ অবৈধভাবে প্রকাশ্যে দিবালোকে কেটে নেয়া হয়েছে। সুটিয়া গ্রামের এক সাবেক ইউপি সদস্যের পুত্রের নেতৃত্বে গাছগুলো কাটা হয়েছে। গাছগুলো কেটে নেয়ার পরই তা ট্রাক ভর্তি করে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় নিয়ে বিক্রি করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক সুটিয়া গ্রামের একব্যক্তি জানান, গাছগুলো কাটার সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু গাছ চোরেরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাননি। তবে একাধিকবার অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা একদিন এসে নামমাত্র কিছু কাঠ জব্দ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, গাছ কেটে নিয়ে যাওয়ার সময় কিছু কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠ নিলাম করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, বন বিভাগ ও উপকারভোগীদেরকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা বলেন, তিনি বিষয়টি শুনেছেন।