সংখ্যালঘুদের জন্য পৃথক
মন্ত্রণালয় করুন
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২১:৩৩
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সচেতন হিন্দু সমাজের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। দেশে জামায়াত-শিবিরের সামপ্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আগামী সংসদ নির্বাচনের আগেই এসব দাবি আদায় না হলে থানায় থানায় বিক্ষোভ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহবায়ক রিপম দাশ। তিনি হিন্দু সমপ্রদায়ের অধিকার রক্ষায় সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন।
রিপম দাশ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই দেশব্যাপী সহিংসতা শুরু করে জামায়াত-শিবির। তারা চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, রংপুরসহ সারাদেশে হিন্দু সমপ্রদায়ের লোকজনের ওপর হামলা চালায় এবং তাদের মন্দির, ঘর-বাড়ি, দোকানপাট লুটপাট ও অগ্নিসংযোগ করে।তিনি বলেন, হিন্দু সমপ্রদায়ের ওপর বারবার নির্যাতনের পরও আজ পর্যন্ত জড়িতদের গ্রেফতার কিংবা বিচারের সম্মুখীন করা হয়নি। এ কারণেই যেকোনো রাজনৈতিক দল দেশের হিন্দু সমপ্রদায়কে টার্গেট করে তাদের শক্তি প্রদর্শন করতে চায়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকনাথ আশ্রম পরিষদ নেতা তপন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার আহবায়ক অ্যাডভোকেট যিশু কৃষ্ণ রক্ষিত, চট্টেশ্বরী কালী মন্দিরের সেবক বিজয় চক্রবর্তী প্রমুখ।