‘ভয় পান বলেই গণজাগরণ নিয়ে কটুক্তি খালেদার’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ক্ষমতায় গেলে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার করবেন- এটা পাগলেও বিশ্বাস করবে না। এর চেয়ে হাস্যকর, নির্লজ্জ মিথ্যাচার আর কিছুই হতে পারে না। কারণ তিনি প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন। অতীতে বহুবার তিনি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক ও সামাজিক- ভাবে পুনর্বাসন করেছেন। দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান তাণ্ডবের জন্য খালেদা জিয়ারও একদিন বিচার হবে উল্লেখ করে হানিফ বলেন, তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ভয় পান বলেই গণজাগরণ মঞ্চ নিয়ে কটূক্তি করেছেন, এটা বন্ধ করার দাবি জানিয়েছেন।গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর এলাকার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় হওয়ার পর জামায়াতের তাণ্ডব আইন-শৃঙ্খলা বাহিনী অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছিল। তখন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরে নেতা-কর্মীদের উস্কানি দিয়ে সারাদেশে ফের তাণ্ডব চালিয়েছেন। এর দায়ভার খালেদা জিয়াকে নিতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে গিয়ে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এটাকে গণহত্যা বলা জাতির জন্য দুঃখজনক। তিনি খালেদা জিয়াকে গণহত্যার সংজ্ঞা জেনে নেয়ার আহ্বান জানান। দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, আসলামুল হক আসলাম, ইলিয়াস উদ্দিন মোল্লা, সানজিদা খানম প্রমুখ।