ইরানকে থামাতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা :ওবামা
প্রকাশ : ১৫ মার্চ ২০১৩, ২১:৫২
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের পরমাণু বোমা তৈরিতে এক বছরের বেশি সময় লাগতে পারে। এ থেকে ইরানকে বিরত রাখতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন। খবর বিবিসি ও আল জাজিরার।
ইসরাইলের চ্যানেল ২ টেলিভিশনে দেয়া সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘পরমাণু অস্ত্র তৈরিতে ইরানের এক বছরের বেশি লাগতে পারে, কিন্তু আমরা ইরানকে এতদূর অগ্রসর হতে দেব না।’ ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করেননি ওবামা। ইসরাইল সফরের এক সপ্তাহ আগে তিনি এই মন্তব্য করলেন। এই সফরে ইরানের পরমাণু কর্মসূচি আলোচনার শীর্ষস্থানে থাকতে পারে। ইরান সব সময়ই বলে আসছে যে, শান্তিপূর্ণ জ্বালানির জন্যই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে চলে গেলে ইসরাইল সমারিক ব্যাবস্থা নেবে বলে বারবার হুমকি দিচ্ছে। অর্থনৈতিক অবরোধ আরোপ ও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য ইরানকে আরো বেশি সময় দিতে চায় যুক্তরাষ্ট্র।
সাক্ষাত্কারে ওবামা বলেন, (ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি) আমার বার্তা আগের মতোই:আমরা কূটনৈকিভাবে সমাধান করতে পারলে তা বেশি দীর্ঘস্থায়ী হবে। যদি তা না হয় আমার সামনে সব বিকল্পই থাকবে। ইরানের পরমাণু স্থাপনায় হামলা বাস্তবসম্মত কিনা জানতে চাইলে ওবামা বলেন, যখন আমি বলছি আমার সামনে সব বিকল্প আছে তখন সব বিকল্প আছে এবং যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আছে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে যা ইসরাইলের জন্য হুমকি এবং এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে।
২০ মার্চ ওবামা ইসরাইল, ফিলিস্তিন ও জর্ডান সফর শুরু করবেন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই তিন দেশে এটিই তার প্রথম সফর।