অভিনয়ে মানবাধিকারের কথা বলছেন নাট্যকর্মীরা

‘বাংলা মা’র দুর্নিবার আমরা তরুণ দল/শ্রান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল’- শ্লোগান নিয়ে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে চলছে সপ্তম জাতীয় মানবাধিকার নাট্যোত্সব। আজ শনিবার উত্সবের শেষ। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ আয়োজিত উত্সবটি একুশটি পথনাটক দিয়ে সাজানো হয়েছে। শুক্রবার ছিল উত্সবের দ্বিতীয় দিন। এদিন সকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বহু বর্ণিল পোশাকে নানা বাদ্যযন্ত্র বাজিয়ে এ শোভাযাত্রায় অংশ নেন নাট্যকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘরে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এরপর বিকালে রবীন্দ্র সরোবর মঞ্চে শুরু হয় নাটকের প্রদর্শনী। পরিবেশিত হয় সমসাময়িক চালচিত্র, ক্ষমতার দম্ভ, শিশুশ্রম, সাম্প্রদায়িক দাঙ্গা, গুম, দুর্নীতি, বস্ত্র বালিকা, যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক নয়টি নাটক। ক্ষমতার দম্ভকে উপজীব্য করে মোহাম্মদ আলম মিয়ার নির্দেশনায় ‘লড়াই’ নাটকটি পরিবেশন করে গাইবান্ধার নাট্যকর্মীরা। পরিষদের ময়মনসিংহের নাট্যকর্মীরা পরিবেশন করেন ‘আবারো মিছিল’। সাম্প্রদায়িক দাঙ্গাকে উপজীব্য করে ‘উত্খাত করো’ নাটক পরিবেশন করে নেত্রকোনার নাট্যশিল্পীরা। হারুণ-আল-রশীদের নির্দেশনায় কিশোরগঞ্জের নাট্যকর্মীদের পরিবেশিত ‘চোর’ নাটকে তুলে ধরা হয় দুর্নীতির চিত্র। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাট্যদল বটতলা ‘জতুগৃহ’ কাহিনীতে উঠে আসে বস্ত্র বালিকাদের জীবন সংগ্রামের দৃশ্যকল্প। শাহ নাহিদ নেওয়াজ নির্দেশিত পরিষদের ঝিনাইদহের নাটকর্মীদের উপস্থাপিত ‘চেয়ার’ নাটকে উঠে আসে ক্ষমতা ও সাম্প্রদায়িকতার চিত্রকল্প। যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যু নিয়ে লিটু সাখাওয়াতের নির্দেশনায় নাট্যধারা উপস্থাপন করে ‘দঁড়ি’। মোহাম্মদ ছগির উদ্দিনের নির্দেশনায় পরিষদের পাবনার নাট্যকর্মীরা উপস্থাপন করে শিশুশ্রম বিষয়ক নাটক ‘ঝরা ফুল’। সব শেষে পরিবেশিত হয় গুম বিষয়ক প্রাচ্যনাটের নাটক ‘লাশের দেশ’। পঁচিশ মিনিটের এ নাটকে নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম জার্নাল ও মনিরুল ইসলাম রুবেল। আজ শনিবার বিকালে উত্সবের সমাপনী দিনে পাঁচটি নাটক মঞ্চায়নের পাশাপাশি থাকবে গুণীজন সম্মাননা পর্ব। শিল্পী মুর্তজা বশীর, অধ্যক্ষ প্রতিভা মুত্সুদ্দি ও নাট্যজন অজিত মণ্ডলকে দেয়া হবে গুণীজন সম্মাননা। ফ্রাঙ্কোফোনি উত্সব শুরু :জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠীর বার্ষিক সাংস্কৃতিক উত্সব ‘ফ্রাঙ্কোফোনি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই আয়োজন করেছে ফরাসি দূতাবাস। এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে ধানমণ্ডির আঁলিয়ঁস ফ্রসেজের জুম গ্যালারিতে চলছে পোস্টার প্রদর্শনী। উত্সবের অংশ হিসাবে আজ শনিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় ফুটবল অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের সঙ্গে আফ্রিকান ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ছয়টায় আঁলিয়ঁস ফ্রসেজে লা গ্যালারিতে সঙ্গীত পরিবেশন করবেন সুইস ব্যান্ড ‘এলিস’। আইজিসিসিতে কনসার্ট :ধানমণ্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)-এর প্রধান কেন্দ্রে শুক্রবার কনসার্টের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, নকীব খান, পিলু খান ও পঞ্চম। আজ একই ভেন্যুতে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল ‘চিরকুট’। আহমদ জামান চৌধুরী স্মরণসভা : শুক্রবার বিকালে ‘আহমদ জামান চৌধুরী তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী’ শীর্ষক স্মরণসভায় বক্তারা বলেন, আহমদ জামান চৌধুরী ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। একজন চিত্র সাংবাদিক, কাহিনীকার, গীতিকার ও চলচ্চিত্র গবেষক—সবক্ষেত্রেই তিনি রেখেছেন নিজের প্রতিভার স্মারক। স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস। এফডিসিস্থ জহির রায়হান কালার ল্যাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই স্মরণসভার শুরুতেই আহমদ জামান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।