বাংলা দ্বিতীয়পত্র

প্রশ্নকে তিনটি অনুচ্ছেদে সাজাতে হবে

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা দ্বিতীয়পত্রে ভালো নম্বর পাবার কৌশল নিয়ে আলোচনা। এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে সমান মনোযোগী হওয়া এবং ভালো ফলাফল করা জরুরী। তাই বাংলা দ্বিতীয়পত্রও এর ব্যতিক্রম নয়। অনেক শিক্ষার্থীর মাঝে বাংলা দ্বিতীয়পত্র ভীতি লক্ষ করা যায়। এবং যথাযথ চর্চা না করায় ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়ে। সুতরাং বাংলা দ্বিতীয়পত্রে ভালো করার জন্য এখনই শেষ মুহূর্তের উপযুক্ত সময়। পাঠক বন্ধুরা, দ্বিতীয়পত্রে ব্যাকরণের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে নাটক। প্রথমেই বলব নাটকের ২০ নম্বরের বিষয়ে। নাটকের প্রশ্ন তিন অংশে বিভক্ত। রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যা (১০+৫+৫=২০ নম্বর)। রচনামূলক প্রশ্নে ভালো নম্বর পাওয়ার জন্য প্রশ্নকে তিনটি অনুচ্ছেদে সাজাতে হবে। ভূমিকা, মূল আলোচনা, মন্তব্য। ছোট প্রশ্নের ক্ষেত্রেও অনুরূপ তিনটি বিভাজন থাকা উচিত। ব্যাখ্যার ক্ষেত্রে উত্স ও প্রসঙ্গ থাকা ভালো নম্বরের জন্য অত্যন্ত জরুরি। ব্যাকরণের ৩০ নম্বরের পুরোটাই পাওয়া সম্ভব। সেজন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়লে এবং সেইসঙ্গে টেস্টপেপার সমাধান করে পড়লে ভালোফল লাভ করা সম্ভব। ২০১৩ সালের প্রশ্নের ক্ষেত্রে সমাস, প্রকৃতি-প্রত্যয়, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, শুদ্ধিকরণ (শব্দ ও বাক্য) বেশি গুরুত্বপূর্ণ। বিস্তারিত প্রশ্নের জন্য বেছে নিতে পার যে প্রশ্নগুলো তা হল: অর্থগতভাবে শব্দের শ্রেণিবিভাগ, গঠনগতভাবে বাক্যের শ্রেণিবিভাগ, সার্থক বাক্যের নিয়মাবলী, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যেতকতা আছে, ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়ম গুরুত্বপূর্ণ। অবশিষ্ট রইল- আবেদনপত্র, ব্যক্তি ও ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক পত্র, ভাষণ, প্রতিবেদন, মানপত্র, স্মারকলিপি এবং প্রবন্ধ রচনা। প্রত্যেক আবেদন ও অন্যান্য পত্রের যে নিয়ম প্রচলিত আছে তা যথাযথ লিখলে প্রায় পূর্ণ নম্বর পাওয়া যায়। রচনার ক্ষেত্রে বিজ্ঞানবিষয়ক রচনায় তত্ত্ব ও তথ্য যথাযথ থাকলে ভালো নম্বর পাওয়া যায়। পরিশেষে বলব, টেস্ট পেপার থেকে নামকরা কিছু প্রতিষ্ঠানের প্রশ্নপত্র সমাধান করে পড়লে ভালো ফল করা তুলনামূলক সহজতর হয়। প্রশ্নের ধারা ও ধারাবাহিকতা সম্পর্কে জানা যায় বলে প্রশ্নভীতি দূর হয়ে থাকে। এভাবে পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি নিলে একজন শিক্ষার্থী অবশ্যই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।