বিশ্বকাপ নিয়ে ভাবছেন না আর্চার

স্পোর্টস রিপোর্টার

জোফরা আর্চারের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। এই ইংল্যান্ডের জার্সি শরীরে চড়াবেন বলে বারবাডোজ থেকে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। নতুন এই দেশটির হয়ে খেলার জন্য তাকে পার করতে হয়েছে ঘরোয়া ক্রিকেটে লম্বা একটা সময়। অবশেষে ডাক পেয়েছেন আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড দলে। এরই মধ্যে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হয়ে গেছে তার। এখন খুব ভালো কিছু করলে খুলে যেতে পারে বিশ্বকাপের দুয়ারও। কিন্তু আর্চার বলছেন, তিনি এখনই বিশ্বকাপের কথা ভাবছেন না।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে চলতি মৌসুমেও ভালো বল করেছেন আর্চার। কিন্তু ইংল্যান্ডের হয়ে ডাক পাওয়ায় আগেভাগে আইপিএল ছেড়ে এসেছেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে আর্চারের। ৪০ রানে ১ উইকেট নিয়েছেন এই ম্যাচে। ডেভিড উইলির সাথে নতুন বলে বোলিংও শুরু করেছেন আর্চার। প্রথম স্পেলে দারুণ বল করেছেন।

আর্চার বলছিলেন, তিনি আশা করেছিলেন ২০২৩ নাগাদ ইংল্যান্ড দলে হয়তো ডাক পাবেন। তার অনেক আগেই ভাগ্য সহায় হওয়াতে খুব খুশি এই ফাস্ট বোলার, ‘অবশেষে ব্যাপারটা সত্যি হয়েছে। আমি এখন ইংল্যান্ডের। এটা আমি যা ভেবেছিলাম, তার চেয়ে দ্রুত হয়েছে। আমি ২০২৩ সালের দিকে আমার লক্ষ্য ঠিক করে রেখেছিলাম। এর অনেক আগেই সুযোগটা পেয়ে যাওয়া খুব রোমাঞ্চকর। আমি অসাধারণ একটা দলের সাথে অসাধারণ সময় কাটাচ্ছি।’

আর্চার বলছিলেন, এই দলে তিনি দারুণ স্বাগত পেয়েছেন সতীর্থদের কাছ থেকে। কেউ যদি অন্যরকম কিছু শুনে থাকে, সেটাকে ভুল বলে বলছিলেন এই ফাস্ট বোলার, ‘এটা (পরিবেশ) খুবই স্বাগত মনোভাবের। আমি এখানে আসার আগেই বেশিরভাগ খেলোয়াড়কে চিনতাম। অনেক সময় সংবাদমাধ্যমে অনেক কিছু ভুলভাবে আসে এবং অনেককে ভুলভাবে উদ্ধৃত করা হয়। আমি এখানে আসার পর থেকে খারাপ কিছু দেখিনি। সবাই খুব উদার মনের মানুষ। আমি খুব খুশি।’

ইংল্যান্ড দলে সুযোগ পেলেও বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ইংল্যান্ডের যে ১৫ সদস্যের দল ঘোষিত হয়েছে, সেখানে জায়গা হয়নি আর্চারের। তবে ইংল্যান্ডের প্রধান নির্বাচক বলেছেন, আর্চারের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ আছে। পাকিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডেতে তিনি যদি খুব ভালো কিছু করতে পারেন, তাহলে তার জন্য একটা জায়গা হতে পারে।

আর্চার নিজে অবশ্য এখনই বিশ্বকাপের কথা ভাবতে রাজী নন। তিনি বলছেন, একটা একটা করে খেলা নিয়েই ভাববেন তিনি, ‘একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। আমি খুব বেশি সামনের কিছু ভাবছি না। আমি এখানে ভালো করলে আমার ব্যাপারটা হয়তো সামনে আগাবে। কিন্তু আমি এখনই বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ভাবছি না। যে কেউ এটা নিয়ে ভাবছে। কিন্তু আমি এখন স্রেফ যেটা করতে পারি, ভালো খেলতে পারি। এখানে যারা আছে, তারা অনেকদিন ধরে একসাথে খেলছে। তাদের বিশ্বকাপে জায়গা পাওয়াটা আরো বেশি প্রাপ্য। ফলে আমি সুযোগ না পেলে খারাপ লাগবে না।’