জীববিজ্ঞান ১মপত্র
চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে
সুনির্মল চন্দ্র বসু প্রভাষক,মুজিব ডিগ্রি কলেজ কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ১৮:৪৪
সুপ্রিয় ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। জীববিজ্ঞান প্রথমপত্র বিষয়ে মোট ১০০ নম্বরের মধ্যে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক ২৫ নম্বর থাকে।
ক বিভাগ- রচনামূলক প্রশ্ন
প্রথম অধ্যায়: উদ্ভিদের বিভিন্নতা-এর প্রথম পরিচ্ছেদ: উদ্ভিদ জগতের শ্রেণিবিন্যাস, দ্বিতীয় অধ্যায়: উদ্ভিদদেহের সংগঠন-এর দ্বিতীয় পরিচ্ছেদ: কোষস্থ জৈব রসায়ন, তৃতীয়
পরিচ্ছেদ: কোষবিভাজন, তৃতীয় অধ্যায়: টিস্যু, টিস্যুতন্ত্র ও সেকেন্ডারি বৃদ্ধি, পঞ্চম অধ্যায়: উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, অষ্টম অধ্যায়: বংশগতি থেকে রচনামূলক প্রশ্ন থাকবে।
খ বিভাগ- সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ: ভাইরাস, তৃতীয় পরিচ্ছেদ: মনেরা, চতুর্থ পরিচ্ছেদ: প্রোটকটিস্টা, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ: কোষ ও কোষের গঠন, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় ও দশম অধ্যায় থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে।
তত্ত্বীয় অংশে উত্তর দেয়ার সময় নিম্নোক্ত পয়েন্টগুলোর ওপর নজর দিও:
১। তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর থাকে। ক বিভাগে ৪৫ নম্বর থাকে ও ৩টি প্রশ্ন হবে। তাই প্রতিটি প্রশ্নের মান ১৫। প্রতিটি প্রশ্নের জন্য ৩৬মিনিটের ওপর সময় দিও না। খ বিভাগে ৩০ নম্বর থাকে ও ৬টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান ৫। প্রতিটি প্রশ্নের জন্য ১০ মিনিটের ওপর সময় দিও না। বাকি ১০ মিনিট সম্পূর্ণ খাতাটা দেখে দিও।
২। উত্তর পয়েন্ট আকারে লিখলে বেশি নম্বর পাবে।৩। বৈশিষ্ট্য, কাজ, সংজ্ঞা, উদাহরণ, পার্থক্যযুক্ত প্রশ্ন এবং চিত্র বা বৈজ্ঞানিক নাম সংবলিত প্রশ্নের উত্তর দিলে পূর্ণ নম্বর পাবে।
৪।বৈজ্ঞানিক নাম বা উদ্ভিদতাত্ত্বিক নামের ২টি অংশে পৃথক পৃথক আন্ডারলাইন দেবে। বানান ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখবে। এক্ষেত্রে প্রতিটি ইংরেজি অক্ষর স্পষ্টভাবে লিখবে।
৫। উদাহরণের ক্ষেত্রে সঠিক বৈজ্ঞানিক নাম লিখবে।
৬। জীববিজ্ঞানে ব্যবহূত ইংরেজি টার্মগুলো ইংরেজিতে লেখাই শ্রেয়। যেমন— DNA, RNA, ADP, ATP, FAD, NAD, NADP, FMN ইত্যাদি।
৭। বইয়ের প্রশ্নের উত্তরে যদি চিত্র থাকে তবে পরীক্ষার খাতায় চিত্র অবশ্যই অঙ্কন করতে হবে। চিহ্নিত চিত্র সংবলিত প্রশ্ন থাকলে চিত্র আঁকতে হবে। .... এক্ষেত্রে চিত্র অর্ধেক পৃষ্ঠার ওপরে হতে হবে। অন্যান্য চিত্রের বেলায় ছোট চিত্র দিলেও কোনো অসুবিধা নেই। চিত্রে অবশ্যই শনাক্তকরণ থাকতে হবে। চিত্র অঙ্কনের ক্ষেত্রে HB, 2B পেনসিল ব্যবহার করবে। চিত্র উত্তরের মাঝখানে দিয়ে চিহ্নিতকরণ ডানে দেবে। সবচেয়ে ভালো হয় লেখার সময় প্রাসঙ্গিক চিত্র ডানপার্শ্বে দেয়া। এতে পরীক্ষকের পরীক্ষার্থী সম্পর্কে ভালো ধারণা জন্মে।
৮। প্রশ্নের উত্তরে তথ্যগত ভুল করবে না। যেমন নাম, সংখ্যা, সাল, বৈশিষ্ট্য ইত্যাদি।