ব্যবসায় নীতি প্রয়োগ
উদ্দীপকের উত্তর বের করার ব্যাপারে একটু সচেতন হতে হবে
মো: কবির হোসেন (সুজন) প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা।
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ১৮:৪৫
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচ.এস.সি পরীক্ষায় ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পদ্ধতিতে রচনামূলক ও বহুনির্বাচনি ২ ভাবে প্রশ্নপত্র করা হলেও রচনামূলক প্রশ্নে উদ্দীপকের আলোকে গ ও ঘ নং প্রশ্নের উত্তর বের করতে হয় বিধায় উদ্দীপকের উত্তর বের করার ব্যাপারে একটু সচেতন হতে হবে। তবে উদ্দীপক হুবহু কমন পড়ার সম্ভাবনা নাই। প্রশ্নকর্তা তার সৃজনশীল চিন্তা ভাবনা দিয়ে উদ্দীপক তৈরী করবে। তবে যেভাবেই উদ্দীপক তৈরী করা হোক না কেন উদ্দীপকের ঘটনা তোমাদের পাঠ্য বই এর পড়ার সাথে মিলে যাবে। তাই তোমরা উদ্দীপকের প্রতিটা লাইন ভালোবাবে পড়বে। কেননা কোন লাইনের বা শুধুমাত্র কোন শব্দের সূত্র ধরে তোমরা গ ও ঘ নং প্রশ্নের জ্ঞানমূলক উত্তর পেয়ে যাবে। আর জ্ঞানমূলক যে উত্তর পাবে সেটার আলোকে যা বুঝতে পেরেছ তা অনুধাবন স্তরে তোমার ভায়ায় লিখবে, আর কোন কোন তথ্য বা সূত্রের আলোকে তোমরা বুঝতে পারলে যে জ্ঞানমূলক উত্তর এটাই হবে উদ্দীপক হতে সে সব ধারনার সূত্র ধরে উদ্দীপকের ঘটনা তোমার নিজের ভাষায় প্রয়োগ স্তরে উপস্থাপন করবে, আর ঘ নং প্রশ্নে উচ্চতর দক্ষতা স্তরে এই সব ঘটনার যথার্থতা মূল্যায়ণ করে তোমাদের সৃজনশীল ধারনা দিয়ে মতামত সহ উপস্থাপন করবে। আর বহুনির্বাচনি প্রশ্নের বেলায় জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্ন তোমরা সহজেই সঠিক উত্তর সনাক্ত করতে পারবে। তবে এখানে জ্ঞান স্তরের প্রশ্নের উত্তর খুব সহজেই বের করা গেলেও একটি প্রশ্ন থেকে একাধিক উত্তর জানা সম্ভব। যেমন: যদি প্রশ্নটি হয়, আমাদের দেশে কোম্পানি সংগঠন কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় ? উত্তর যদি ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬ হয় তাহলে অনায়াসে তোমরা সঠিক উত্তর হিসাবে ১৯৯৪ সনাক্ত করতে পারবে। কিন্তু উত্তরে এভাবে কখনো থাকবে না। উত্তরে থাকতে পারে ১৯১৩, ১৯৩২, ১৯৯৪, ২০০১। তার মানে দাঁড়ালো এখানে ৪ টি উত্তরই কোন না কোন আইন সম্পর্কিত। মানে একটি জ্ঞানমূলক প্রশ্ন হতে ৪ টি আইন সম্পর্কে ধারনা পাওয়া গেল। তার মানে ৪ টি আইন পড়া হয়ে গেল। তাই বহুনির্বাচনি প্রশ্নের জ্ঞান স্তর পড়ার সময় একটু চিন্তা ভাবনা করে পড়লে কম প্রশ্ন পড়েও অনেক বেশি জানা সম্ভব। আর এই অংশে প্রয়োগ স্তরে তোমাদেরকে একটু বেশি সচেতন হতে হবে। কারণ এখানে যে তিনটি উত্তর থাকবে তার মধ্যে থেকে ১টি, ২টি বা ৩টি উত্তরও সঠিক হতে পারে। তাই একাধিক সঠিক উত্তর বের করতে হলে এই স্তরের জন্য একটু বেশি পড়তে হবে । বহুনির্বাচনি অংশে প্রতিটি পত্রে কমপক্ষে ৪ টি উদ্দীপক থেকে মোট ৮ টি প্রয়োগ ও উচ্চতর স্তরের প্রশ্ন থাকবে যা তোমরা রচনামূলকের উদ্দীপকের আলোকে বের করবে।