আহমদ জামান চৌধুরী স্মরণসভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ১৮:৫২
বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক, গীতিকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক ও সাপ্তাহিক চিত্রালীর সাবেক সম্পাদক আহমদ জামান চৌধুরীর স্মরণে গত শুক্রবার বিকেল ৩টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনের চত্বরে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির উদ্যোগে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবীণ চলচ্চিত্র সাংবাদিকবৃন্দ মরহুম আহমদ জামান চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন। এই স্মরণসভায় চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, গীতিকারসহ আরও অনেক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আহমদ জামান চৌধুরীর জন্ম ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর চাঁদপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। তার লেখা প্রথম কাহিনী চিত্রনাট্য ছবি ‘নতুন নামে ডাকো’। অন্যান্য ছবি ‘নাচের পুতুল’, ‘পিচ ঢালা পথ’, ‘মাস্তান’, ‘আগুন’, ‘বাঁদি’ থেকে বেগম’, ‘রাতের পর দিন’, ‘জাদুর বাঁশি’, ‘শেষ উত্তর’, ‘সুখ দুঃখের সাথি’ ইত্যাদি। তার লেখা গানের মধ্যে রয়েছে—‘পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’, ‘জাদু বিনা বাঁশি বাঁচিতে পারে না’, ‘মাগো তোর কান্না আমি সইতে পারি না’, ‘যেও না সাথি’, ‘ও দরিয়ার পানি তোর মতলব জানি’, ‘আপা কইসে আমারে বাল্যশিক্ষা কিনা দিব’, ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’, ‘ওরেও বাঁশিওয়ালা তুমি যে গলার মালা’ ইত্যাদি। তিনি চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। গত ৬ মার্চ তিনি ইন্তেকাল করেন।