লিভারপুল ৩
২ নিউক্যাসল
স্পোর্টস ডেস্ক
নিউক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় নিয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। তবে তাদের এই রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর চোট। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার বোর্নমাউথের বিপক্ষে হারের কবলে পড়েছে।
লিভারপুল শনিবার প্রতিপক্ষের মাঠে ভার্জিল ফন ডাইকের লক্ষ্যভেদে ১৩তম মিনিটেই এগিয়ে যায়। এর ৭ মিনিট পর ক্রিশ্চিয়ান আস্তু স্বাগতিকদের সমতায় ফেরান। ২৮তম মিনিটে মোহামেদ সালাহ গোল করলে এক গোলের অগ্রগামিতা ফেরত পায় অল রেডরা। দ্বিতীয়ার্ধে সলোমন রনদনের গোলে নিউক্যাসল সমতা ফেরালেও ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় দিভোক অরিগির লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা।
অনুশীলনের সময় মাংসপেশীতে চোট পেয়ে ম্যাচটিতে খেলতে পারেননি দলের ব্রাজিলীয় স্ট্রাইকার ফিরমিনো। ম্যাচশেষে কোচ ক্লপ জানালেন চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগেও তাকে পাচ্ছে না লিভারপুল, শঙ্কা আছে মৌসুমের বাকি ম্যাচগুলোতে খেলা নিয়েও। জার্মান এই কোচ বলেন, ‘মঙ্গলবার সে তৈরি হবে না এবং এর পরের ব্যাপারটা আমরা দেখব।’
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে একটি সংঘর্ষে মাথায় চোট পেয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছেড়েছিলেন আরেক ফরোয়ার্ড সালাহও। তবে মঙ্গলবার অ্যানফিল্ডে বার্সেলোনার বিপক্ষে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই ক্লপের। তিনি বলেন, ‘ডাক্তারদের একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তারা তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। খেলা শেষে আমরা যখন সাজঘরে ফেরত এলাম তখন দেখলাম সে বসে খেলা দেখছিল। তখন তার অবস্থা ভালো বলেই মনে হয়েছে কিন্তু আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।’
সেইন্ট জেমস পার্কের এই ম্যাচটিতে একটি হোঁচট লিভারপুলকে শিরোপার দৌড় থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে সালাহর পরিবর্তে মাঠে নামা অরিগির গোলে সে শঙ্কা দূর হয় দলটির। সুযোগ পেয়েই বেঞ্চে থাকা এই খেলোয়াড়ের এমন নৈপুণ্যে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ ক্লপ বলেন, ‘এটা দারুণ গুরুত্বপূর্ণ। এর বেশি কি বলতে পারি আমি? এটা অসাধারণ, একটা রূপকথার মতো গোল। আপনি যাই বলুন না কেন, সে যথেষ্ট ম্যাচ খেলে না, শাকিরিও নয়। আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছিল। তারা আমার আস্থার প্রতিদান দিয়েছে, ব্যাপারটা দারুণ। এটা সত্যিই বড় একটা মুহূর্ত ছিল।’
নিউক্যাসলকে হারিয়ে ৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। তবে সিটি ৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও অল রেডদের থেকে একটি ম্যাচ কম খেলেছে। ফলে আজ রাতে নিজেদের মাঠে লেস্টার সিটিকে হারালেই আবারো শীর্ষস্থানে ফেরত যাবে শিরোপাধারী দলটি।
প্রতিযোগিতার অন্য ম্যাচে বোর্নমাউথের মাঠে সন হিউং মিন ও হুয়ান ফইথ লালকার্ড দেখায় দ্বিতীয়ার্ধের শুরুতেই নয়জনের দলে পরিণত হয় টটেনহ্যাম। ম্যাচের অন্তিম সময়ে স্বাগতিক ফরোয়ার্ড নাথান আকে গোল করলে হার নিশ্চিত হয় টটেনহ্যামের।