সিরাজগঞ্জে আসামি ছিনতাইয়ের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের মামলায় স্থানীয় ইউপি সদস্য হাজী রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রেজা সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার সকালে শহরের মালসাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম জানান, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে ওই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আনছার আলীকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ। এর কিছুক্ষণ পর ইউপি সদস্য রেজাউল করিম প্রায় ২ শতাধিক লোক নিয়ে পুলিশের পিকআপ ও মাইক্রোবাস আটকে ভাংচুর করেন। এতে বাধা দিলে পুলিশ সদস্যদের লোহার রড ও লাটিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে আনসার আলীকে ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় এস.আই গোলাম কিবরিয়া বাদী হয়ে ওই রাতেই সিরাজগঞ্জ সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক গ্রামবাসীর নামে মামলা করেন। মামলার পর থেকে ইউপি সদস্য রেজা পলাতক।