কাউনিয়ায় তিস্তার চরে ভুট্টার চাষ

রংপুরের কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলসহ যে দিকে চোখ যায় সে দিকেই ভুট্টা ক্ষেত চোখে পড়ে। ভুট্টার ফলন বেশ ভাল হওয়ায় এবং দাম ভাল পাওয়ায় তিস্তার পাড়ের কৃষকরা ভুট্টার চাষ দিন দিন বৃদ্ধি করছে। ভুট্টা চাষের মাধ্যমে এখানকার কৃষকেরা তাদের নিজের ভাগ্য গড়তে পারবে। চরের মানুষের লাভজনক ফসল আলুর পরে ভুট্টা। উপজেলায় এনজিওর কারিগরি সহায়তায় উপজেলা পল্লীমারী চর, নাজিরদহ চর, চর চতুরা, গনাই চর, গোপীডাঙ্গার চর, পাঞ্চর ভাঙ্গার চর, হযবত খাঁর চরসহ তিস্তার পার ঘেঁষা কয়েকটি গ্রামে এবং উপজেলার সাধু, বল্লভ বিষু, সিংহার কুড়া, সাব্দী, কুর্শা, টেপামধুপুর এলাকায় ভুট্টা চাষের সূচনা ঘটায়। ভুট্টা চাষ করে কৃষকরা যখন লাভ দেখতে পায় তখন থেকে এ অঞ্চলের কৃষকরা দিন দিন ভুট্টা চাষ বাড়াতে থাকে। বর্তমানে ভুট্টা চাষ করে অনেক কৃষক সাবলম্বী হয়ে উঠেছে। নাজিরদহ চরের কৃষক আমিনুল ইসলাম জানান, তিস্তা নদী ভাঙ্গার পর এখানে চর জেগে ওঠে, দীর্ঘদিন ধরে জমিতে কোন ফসল হয় না। কৃষি অফিসের পরামর্শ, দিক নির্দেশনা চাষাবাদের কলা-কৌশল ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা ভুট্টা চাষ শুরু করেন ।