আড়িয়াল খাঁ নদী এখন ফসলের মাঠ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:০৯
রায়পুরার আড়িয়াল খাঁ নদী এখন শুধুই স্মৃতি। এক সময় যার বুকে পাল তোলা নৌকা, মালামাল বহনকারী লঞ্চ মাঝি-মাল্লা ও সওদাগরদের মিলন মেলা ছিল। নদী পথে যাতায়াত সুবিধা হওয়ায় এখানকার আমিরগঞ্জ, রাধাগঞ্জ, লেটাবর, যোশর, মরজাল, কাঁটাঘাট, বাখরনগর, শিবপুর, বেলাব বাজারের ব্যবসায়ীরা লঞ্চযোগে ঢাকা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল আনা-নেয়া করতো। জেলে ও মাঝি সম্প্রদায়ের জীবিকানির্বাহের প্রধান উত্স ছিল এটি।
কালেরগর্ভে বিলীন হয়ে গেছে আড়িয়াল খাঁ নদীর সেই সোনালী অতীত। এখন যৌবন হারানো নদীটি মৃত প্রায়। নদীর বুক এখন আবাদী জমিতে পরিণত হয়েছে। বুক চিরে চলছে বোরো ধানের চাষাবাদ। ড্রেজিংয়ের অভাবে নদীর বুকে পলি জমে উঁচু হয়েছে এবং নদীর পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। নদীর চর ও পাড় ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। ফলে নদীর গভীরতা ও প্রশস্ততা কমে গেছে। বর্ষা মৌসুমে অল্প পানিতে দু’কুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এবং কার্তিকের শুরুতেই পানি শুকিয়ে যাবার সাথে সাথে চরগুলো সবুজ ফসলে মুখরিত হয়ে উঠে।