গাইবান্ধায় পানির মূল্য বৃদ্ধিতে পৌরবাসী বিপাকে
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:১০
গাইবান্ধা পৌর কর্তৃপক্ষ পানি সরবরাহ প্রকল্পের নির্ধারিত ক্যাপাসিটির অতিরিক্ত বাসাবাড়ীতে কানেকশন প্রদান এবং পূর্ব ঘোষণা ছাড়াই পানির মাসিক বিল বৃদ্ধি করায় পৌরবাসী চরম বিপাকে পড়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌর পানি সরবরাহ প্রকল্পের আওতায় শহরের মাস্টারপাড়া ও খান্কাহ শরীফ এলাকায় দুটি ওভারহেড ট্যাংক আছে। সেখান থেকে শহরে পানি সরবরাহ করা হয়। এর মধ্যে মাস্টারপাড়া ওভারহেড ট্যাংকের ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার এবং খান্কাহ শরীফের ওভারহেড ট্যাংকের ধারণ ক্ষমতা ৬৬ হাজার গ্যালন পানি। এ দু’টি ওভারহেড ট্যাংক থেকে সর্বোচ্চ ১ হাজার ৩শ’ থেকে ১ হাজার ৫শ’ বাড়িতে পানি সরবরাহ করা সম্ভব। কিন্তু সে ক্ষেত্রে গাইবান্ধা পৌরসভা কর্তৃপক্ষ অবৈধভাবে দ্বিগুণের চাইতেও বেশি ৩ হাজার ২শত হাউজে হোল্ড কানেকশন প্রদান করা হয়েছে। নির্ধারিত ক্যাপাসিটির অতিরিক্ত কানেকশন দেয়ার ফলে এই পানি সরবরাহ প্রকল্প থেকে সঠিকভাবে এবং নিয়মিত গ্রাহকদের চাহিদা মোতাবেক বিশুদ্ধ পানি সরবরাহ করা কোন ক্রমেই সম্ভব হচ্ছে না। নিয়মিত পানি না পাওয়ার কারণে ইতিমধ্যে প্রায় ২৫০ জন গ্রাহক স্বেচ্ছায় তাদের পানি সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছে বলে জানা গেছে। পৌরসভার মেয়র মো. শামছুল আলম জানান, পানির বিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে বাড়ানো হয়েছে।