বেতাগীতে পল্লী বিদ্যুত্ সমিতির নির্বাচন সম্পন্ন

বেতাগীতে পল্লী বিদ্যুত্ সমিতির এলাকা পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হলেও ভোটারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত বৃহস্পতিবার পটুয়াখালী পল্লী বিদ্যুত্ সমিতির-৭ এলাকা বেতাগী উপজেলার এলাকা পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধিকাংশ ভোটার ভোট দিতে না পারায় তারা ক্ষুব্ধ। সমিতির বেতাগী এলাকায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সাড়ে সাত হাজার গ্রাহকের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ৬ হাজার ২৪৫ জন গ্রাহক সদস্য। বাকি ১২শ ৫৫ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। এর মধ্যে ভোট প্রদান করেছে মাত্র ১৬শ ৭৪ জন গ্রাহক। যার শতকরা ভোটের হার মাত্র ২৭ ভাগ। বাকি ভোটাররা ভোট প্রদান করতে এসে সদস্য সার্টিফিকেট থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম না পেয়ে ভীষণ হয়রানির শিকার হয়ে বাড়ি ফিরে যান। বৈতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান খ.ম. ফাহরিয়ার সংগ্রাম আমিনুল অভিযোগ করেন, বিশ বছর ধরে তিনি পল্লী বিদ্যুত্ সমিতির নিয়মিত বৈধ গ্রাহক সদস্য। ভোট দিতে এসে দেখতে পান ভোটার তালিকায় তার নাম নেই। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার আঃ মোতালেব জানান, ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও সদস্য সার্টিফিকেট না থাকায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। পূর্ব বেতাগী গ্রামের নান্টু বেপারী তার সদস্য সার্টিফিকেট থাকা সত্ত্বেও ভোটার তালিকায় ঠিকানা ভুল থাকায় ভোট দিতে পারেনি। নির্বাচনে মোস্তাফিজুর রহমান মুরাদ ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পল্লী বিদ্যুত্ সমিতির উপ-মহাব্যবস্থাপক ও প্রিজাইডিং অফিসার আব্দুর রব বলেন, সঠিকভাবেই নির্বাচন সম্পন্ন করা হয়েছে।