শিশু একাডেমীতে বইমেলা আজ শুরু

জাতীয় শিশু দিবস থেকে স্বাধীনতা দিবস পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিশু একাডেমী বইমেলা ২০১৩’। তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এ মেলার। তবে এবারই প্রথম বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সহযোগিতা করছে এ মেলার। পৃষ্ঠপোষকতায় রয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। আজ রবিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত দশদিনের এই বইমেলায় ৬২টি স্টলে ৪৯টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। সেইসঙ্গে আয়োজনের প্রত্যেকদিনই প্রিয় লেখকের সাথে সময় কাটানোর লোভনীয় আকর্ষণও থাকছে শিশুদের জন্য। ‘গড়তে দেশ পড়বো বই/জ্ঞানের আলোয় দীপ্ত হই’—এই শ্লোগানকে সামনে রেখে আজ বিকালে বইমেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডা. শিরিন শারমিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী হাশেম খান ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বইমেলা উপলক্ষে গতকাল শনিবার সকালে একাডেমীর সেমিনার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আ ই ম গোলাম কিবরিয়া, শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, পরিচালক মো. নূরুজ্জামান এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মেলায় শুধুমাত্র শিশু-কিশোরদের উপযোগী গ্রন্থ প্রদর্শন ও বিক্রি করা যাবে। শতকরা ২৫ শতাংশ ছাড়ে মেলা থেকে বই কেনা যাবে। তবে ৫০০ টাকার অধিক বই কিনলে কমিশনের হার নির্ধারণ হবে শতকরা ৩০ শতাংশ। মেলায় নকল ও ভিন্ন সংস্কৃতির বই যেমন- ডোরেমন বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।