মতলবে লঞ্চডুবিতে নিহতদের পরিবারে চেক প্রদান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যায় ৮ ফেব্রুয়ারি সারস লঞ্চ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আমরা মতলববাসী সমাজকল্যাণ সোসাইটি, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত শোকসভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মন্ত্রী সারস লঞ্চডুবিতে মতলব উত্তর উপজেলার নিহত ১৭ জনের পরিবারের হাতে প্রতি লাশের জন্য ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন। আমরা মতলববাসী সমাজকল্যাণ সোসাইটি, ঢাকা-এর সভাপতি আবু সালেহ মো. খুরশিদ আলমের সভাপতিত্বে এবং আবুল কাসেম পাটোয়ারীর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এম, রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার, মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আহসান হাবীব, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হাসান ইমাম, মতলব বিআরডিবির সভাপতি সোহেল চৌধুরী, অ্যাডভোকেট শামীমুল ইসলাম ও হাজী হানিফ মিয়া, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রমুখ।