পাকিস্তানে বাস দুর্ঘটনায়
২৪ সেনা সদস্য নিহত
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:৪৯
পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২৪ সেনা সদস্য নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ডন এর। পুলিশ জানায়, সকালে সেনা সদস্যবাহী একটি বাস কোহিস্তানের সামার নুলা নামক স্থানে হঠাত্ মোড় নিতে গেলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি তত্ক্ষণাত পার্শ্ববর্তী সিন্ধু নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়। বাসে থাকা সকল সেনা সদস্য ছুটি শেষ করে ওইদিন কর্মস্থলে যোগ দিতে কোহিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ আরো জানায়, বাসটি দ্রুত গতিসম্পন্ন হওয়ায় পাহাড়ি এলাকায় হঠাত্ বাঁক নিতে গেলে এটি নদীতে পড়ে যায়। নদীর স্রোত ও গভীরতা বেশি থাকায় বাসটি দ্রুত ডুবে যায়।
কোহিস্তানের ডেপুটি কমিশনার আকাল বাদশাহ বলেন, নিহত ২৪ জনই পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য। আমরা তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আহত ব্যক্তি এবং নিহতদের রাওয়ালপিন্ডি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেনা সদস্যরা রাওয়ালপিন্ডি থেকে গিলগিট যাচ্ছিলেন। তবে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনায় দুই বেসামরিক নাগরিকসহ ২৩ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।