স্পোর্টস রিপোর্টার
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বোলিং করেননি। বল হাতে দেখা যায়নি মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহীকেও। বোলিংয়ে তারা না থাকলেও গতকাল আয়ারল্যান্ডে প্রস্তুতি ম্যাচে বোলিং অনুশীলনটা ভালো হয়নি বাংলাদেশের। বেশিরভাগ বোলারই ছিলেন খরুচে। মিতব্যয়ী বোলার ছিলেন শুধু সাকিব আল হাসান। ১০ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নেন তিনি।
এছাড়া ডাবলিনে গতকাল তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজরা প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভসের ব্যাটসম্যানদের রানের স্রোত আটকাতে পারেননি। গতকাল হিলস ক্রিকেট ক্লাব মাঠে জেমস ম্যাককুলামের সেঞ্চুরিতে ৪৮ ওভারে সাত উইকেটে ২৮৫ রানের বড় স্কোর গড়েছে আয়ারল্যান্ড উলভস। শুরুতে টেক্টরকে (১৫) ফেরান রুবেল। দলীয় ৭৯ রানে সাকিবের শিকার হন শ্যানন (১৮)। এরপর তৃতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েন ম্যাককুলাম ও সিমি সিং। ম্যাককুলাম তুলে নেন সেঞ্চুরি। তিনি ১০২ রান করে রুবেলের বলে মিরাজের হাতে ক্যাচ দেন।
সিমিং সিং অবশ্য সেঞ্চুরি মিস করেছেন নার্ভাস নাইনটিজের শিকার হয়ে। তাসকিনের শিকার হওয়ার আগে সিমিং সিং ৯১ রান করেন। তাদের বিদায়ের পর স্বাগতিকদের মধ্যে আর কেউ উইকেটে থিতু হতে পারেননি। বাংলাদেশের তাসকিন, রুবেল দুটি করে এবং সাকিব, ফরহাদ রেজা, মিরাজ একটি করে উইকেট নেন।
আয়ারল্যান্ডে পৌঁছানোর পর টানা তিনদিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল। আগামীকাল ত্রিদেশীয় সিরিজের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পান ক্রিকেটাররা। তীব্র বাতাস, শীতের কারণে কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে মাশরাফি-তামিমদের।