বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাবুগঞ্জে পলাশ প্যাদা (২৮) নামের এক সন্ত্রাসী পরিকল্পিতভাবে ইট দিয়ে পিটিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সামসুল হক মৃধাকে (৭০) গতকাল শনিবার নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ তাত্ক্ষণিকভাবে অভিযান চালিয়ে খুনি পলাশকে গ্রেফতার করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা সামসুল হক মৃধা গতকাল বাড়ি থেকে ১শ গজ দূরে সুগন্ধা নদীতে গোসল করতে যান। এ সময় পশ্চিম রাজগুরু গ্রামের আ. ছালাম প্যাদার সন্ত্রাসী পুত্র পলাশ প্যাদা পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হাতে ইট নিয়ে নদীর পাড়ে বসে থাকা আওয়ামী লীগ নেতা বৃদ্ধ সামসুল হক মৃধার মাথায় এলোপাতাড়িভাবে পিটিয়ে থেতলে হত্যাকাণ্ড নিশ্চিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পলাশের বাড়ি ঘেরাও করলে আত্মরক্ষার্থে পলাশ একটি পাট ক্ষেতের ভেতরে ঢুকে পড়ে। পরে বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেখান থেকে হত্যাকারী পলাশকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে পলাশ প্যাদা জানায়, নিহত আওয়ামী লীগ নেতা সামসুল হক মৃধার সাথে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।