জামায়াত হামলা
চালালে আমরা বসে
আঙ্গুল চুষবো না
প্রকাশ : ১৬ মার্চ ২০১৩, ২১:৫৩
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, ‘আঘাত আসলে পাল্টা আঘাত হানা হবে। বুড়ো হয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে আদা মরলেও ঝাল যায় না।’ তিনি বলেন, ‘জামায়াত-শিবির আলেম-মাশায়েখদের ওপর হামলা চালালে আমরাও বসে বসে আঙ্গুল চুষব না।’
গতকাল শনিবার চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে নজিবুল বশর হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্দেশে বলেন, ‘আপনারা জামায়াতে ইসলামের সাথে নেই—ঘোষণা দিন। আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে আন্দোলন করবো।’
তিনি গণজাগরণ মঞ্চের উদ্দেশে বলেন, ‘তোমরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ফাঁসির দাবির মধ্যে সীমাবদ্ধ থাকো। অন্য বিষয়ে আর এগুবে না। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও রসুল সম্পর্কে কটূক্তি করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দাও।’ তিনি আল্লাহ-রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের খুঁজে বের করার জন্য দেশের সকল প্রধান ইসলামী সংগঠনের আলেম-ওলামাদের সমন্বয়ে তদন্ত কমিটি পুনর্গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানান। মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মাওলানা এমএ মান্নান, মাওলানা জিয়াউল হাসান, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।