আওয়ামী লীগ নেতাকর্মীরাই সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মদদে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন। তাদের এই হামলা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাত জেগে সংখ্যালঘুদের পাহারা দিচ্ছেন। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে গতকাল সংসদ ভবনের সামনে টানেলের প্রবেশমুখে দলীয় সংসদ সদস্যদের এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই দাবি করেন। সংলাপ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকার যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আলোচনার সিদ্ধান্তে না আসবে ততদিন সংলাপের কথা বলে লাভ হবে না। ব্যারিস্টার মওদুদ অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্রের নামে তাণ্ডবতন্ত্র চলছে। বিএনপি কার্যালয়ে পুলিশ যে অভিযান চালিয়েছে তা ন্যক্কারজনক। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে এর মধ্যে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।