এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৭২ হাজার কোটি টাকা

চলতি বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) ৭২ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করবে ব্যাংক ও ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানগুলো। গত বছর এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৫৯ হাজার কোটি টাকা। বছর শেষে দেখা গেলে এসএমই খাতে ৭০ হাজার কোটি টাকা বিতরণ হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ সূত্রে জানা গেছে, এসএমই খাতে ঋণের চাহিদা বাড়ার কারণে এক বছরের ব্যবধানে তারা ১৩ হাজার কোটি টাকা বেশি বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। লক্ষমাত্রা নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে কোন ধরনের চাপও ছিলনা। এ বিষয়ে বিভাগের মহা-ব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বতস্ফূর্তভাবে এসএমই খাতে চলতি বছরের জন্য ৭২ হাজার ২০৩ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা দিয়েছে। অনেক প্রতিষ্ঠান কর্পোরেট খাতে ঋণ কমিয়ে এসএমইতে বাড়াচ্ছে। এছাড়া গত বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৫৯ হাজার ১৩ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছে ৬৯ হাজার ৭৫৩ কোটি টাকা। বিতরণের এই পরিমাণ লক্ষ্যমাত্রার তুলনায় ১০ হাজার ৭৪০ কোটি টাকা যা ১৮ শতাংশ বেশি। এসব কারণে এবারে তাদের লক্ষ্যমাত্রা বেড়েছে বলে তিনি মনে করেন।