কেটের ‘সবুজ-প্রীতি’র রহস্য

আশেক খান আলেখীন

 

ব্রিটিশ রাজ পরিবারের বড় বউ কেট উইলিয়ামসের মধ্যে ইদানীং বেশ ‘সবুজ-প্রীতি’ দেখা যাচ্ছে। সবুজ রঙের সুন্দর সুন্দর পোশাক পরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। গত কয়েক মাসে পর পর পাঁচটি অনুষ্ঠানে এমন বেশেই দেখা গেছে তাকে। ‘ডাচেস অব কেমব্রিজকে সবুজ রঙের পোশাকেই সবচেয়ে বেশি মানায়। তার চুল, গায়ের রঙ, চোখের ঔজ্জ্বল্যের সঙ্গে সবুজ পোশাকই বেশি মানানসই।’ সেলিব্রেটি স্টাইলিস্ট লুকাস আরমিটেজ এমনটাই মনে করেন।  তিনি কেটের রুচির প্রশংসা করে বলেন, ‘সবুজ রঙের ড্রেস তাকে একটা ফ্রেশ মোহনীয় চেহারা দিয়েছে, তার সৌন্দর্য একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেটের সবুজ পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ছবির ছড়াছড়ি। মিডিয়াতেও চলছে নানা বিশ্লেষণ, কেন তিনি এই রঙটাকে এতটা গুরুত্ব দিয়েছেন পোশাক নির্বাচনের ব্যাপারে।

৩৭ বছর বয়সী কেট চলতি বছর পর পর পাঁচটি অনুষ্ঠানে সবুজ রঙের পোশাকে হাজির হন। সর্বশেষ গত বুধবার লন্ডনের পিয়ার্স ফ্যামিলি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে কেট পরেন অভিজাতদের পোশাক তৈরির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান এমিলিয়া উইকস্টেডের সবুজ রঙা পোশাক। আগেও কেট সবুজে রাঙিয়েছেন নিজেকে। তবে চলতি বছরের জানুয়ারি থেকেই কেটের এই ‘সবুজ-চর্চা’ ব্যাপকভাবে শুরু হয়। তখন এক সামাজিক অনুষ্ঠানে তিনি সবুজ রঙা জ্যাকেট ও ট্রাউজার পরে উপস্থিত হন। এ পোশাকে তাকে দারুণ লাগছিল। সেই মাসেই এক চ্যারিটি অনুষ্ঠানে কেট পরেন সবুজ রঙের ঐতিহ্যবাহী ‘বিওলাহ’ ড্রেস। বটল গ্রিন ফ্রকের সঙ্গে ম্যাচ করে পড়েন সবুজ জুতো, হাতে ঝুলছিল তার এল কে বেনেট ব্র্যান্ডের সবুজ রঙের ব্যাগ। তার মাসখানেক পর আরেক অনুষ্ঠানে তিনি পরেন সবুজ রঙা ‘আলেক্সান্ডার ম্যাককুইন’ কোট।

গত মার্চে ব্ল্যাকপুলে আরেক অনুষ্ঠানে স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেট আপাদমস্তক সবুজ পোশাক-আশাক পরে হাজির হন। তিনি পরেন স্পোর্টম্যাক্সের তৈরি এমারেল্ড কোট, মাইকেল কোরস কোম্পানির মিডি এবং হাঁটু পর্যন্ত ঢাকা সবুজ বুট। হাতেও তার ঝুলছিল ম্যানু অ্যাটেলিয়ার কোম্পানির সবুজ রঙা ব্যাগ।

আগে রাজ পরিবারের অভিজাতেরা সাধারণত কালো ও নেভি ব্লু রঙের ড্রেস পরতেন। কেটও এতদিন তাই পরে আসছিলেন, কিন্তু এখন তার মন মজে গেছে সবুজে। সবুজ ছাড়া আর কোনো রঙের পোশাকই মনে ধরছে না তার। কেটের ওয়াড্রোব খুললে হয়তো এখন সবুজ রঙের ড্রেসই বেশি চোখে পড়বে। কেটের ফ্যানরাও যদি এখন তার দেখাদেখি সবুজ পোশাক পরতে শুরু করে তাহলেই জমবে মজা। সবুজ রঙের পোশাকে কাউকে দেখতে বেমানান লাগলেও সে নির্বিকারভাবে সেই পোশাক পরেই ঘুরে বেড়াবে। কেটের ভক্ত বলে কথা!