ঘোষণা এবং যথারীতি বিলম্ব
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ১৯:৪৪
আমরা যেমন তাদের খবর দিতে দিতে ক্লান্ত, তেমনি দর্শক-শ্রোতারাও বিরক্ত তাদের নতুন কোনো অ্যালবামের ধারাবাহিক ঘোষণার জন্য। আর এই কারণেই তাদের খবরের বিশ্বাসযোগ্যতাও হারাচ্ছে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল তাহসানের নতুন সুফী অ্যালবাম বাজারে আসবে। কিন্তু আসেনি। গণমাধ্যমে একাধিক খবর প্রকাশের পর তার প্রাপ্তিযোগ না হলে একটা বিভ্রান্তির জন্ম হয়। এদিকে কণ্ঠশিল্পী তপুও দীর্ঘদিন ধরে তার একক অ্যালবাম প্রকাশের ঘোষণা যেমন দিচ্ছেন তেমনি পেছাচ্ছেনও নিয়মিত। এ প্রসঙ্গে তপু বলেন, ‘সময়টা বড় খারাপ। এ কারণে গানগুলো নষ্ট করতে চাচ্ছি না। এ ছাড়া নিজের গানগুলো নিয়েও বারবার এক্সপেরিমেন্ট করছি।’ অন্যদিকে কণ্ঠশিল্পী মিলা অনেকটা মিডিয়া থেকে বিচ্যুত বলে তার নিয়মিত সংবাদও পাওয়া যায় না। এ ছাড়া তিনিও কম্পোজার ফুয়াদের সাথে মতপার্থক্যের কারণে নিজেই এখন কম্পোজিশন করছেন। এর পরই আসে বালামের নাম। দীর্ঘদিন ধরে অ্যালবামের জল্পনা-কল্পনা চলছে তার নতুন গানের ব্যাপারে। কিন্তু কোনো রিলিজ নেই। অবশেষে চলতি সপ্তাহ থেকেই শোনা যাচ্ছে জাহিদ পিন্টুর কথায় আবারও পূর্ণাঙ্গ একক অ্যালবাম বাজারে আসছে তার। কিন্তু পাঠকদের কাছে এটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না, এবারেও অ্যালবামটি আদতে রিলিজ হবে কিনা। কারণ শেষ মুহূর্তে হয়তো বাজারের পরিস্থিতি ও বর্তমান সময়ের কথা চিন্তা করে আবারও পেছতে পারে সবগুলো অ্যালবামের রিলিজের বিষয়টি।