হরতালের কারণে ঝিনাইদহে কলার দরপতন

বার বার হরতালের কারণে ঝিনাইদহ জেলায় কলার দরপতন হয়েছে। হরতালের দিনগুলোতে কলার হাটগুলোতে বাইরে থেকে ব্যবসারীরা আসে না। ট্রাক পাওয়া যায় না কলার চালান পাঠানোর জন্য। কলা উত্পাদনকারি জেলা হচ্ছে ঝিনাইদহ। প্রায় ৩৫ বছর আগ থেকে এ জেলায় বাণিজ্যিকভাবে কলা চাষ হয়ে আসছে। বর্তমানে প্রায় ২ হাজার হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে। খালিশপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ সদর, শৈলকুপা ও ডাকবাংলায় পৃথক কলার হাট বসে। বিভিন্ন স্থান থেকে চাষিরা বাগান থেকে কলা কেটে ভ্যান ও আলমসাধুযোগে বিক্রির জন্য হাটে আনে। সামপ্রতিক সময়ে হরতালের কারণে কলার দরপতন হয়েছে। আগে যে কলা প্রতি কান্দি ৪শ’ টাকায় বিক্রি হত, সে কলা বিক্রি হচ্ছে ৩শ’ টাকাতে। হরতালের আগের রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর ও শেখপাড়ায় ৩টি ট্রাক পুড়িয়ে দেয়ায় এখন আর ট্রাক চালকরা রাস্তায় নামতে সাহস করছে না। এর কারণে ব্যবসায়ীরা হরতালের দিনে কলা কিনতে হাটে আসে না। বাজারে কলার দর পতন হয়। চাষিদের কলার পাইকারি হাটগুলোতে ক্রেতার জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুযোগ বুঝে এক শ্রেণির পাইকার কম দামে কলা কিনছে। কলা ছাড়াও অন্য সবজি বেগুন ও শিমেরও দরপতন হয়েছে। শনিবার শৈলকুপায় বেগুন পানির দামে বিক্রি হয়। সবজি হাটগুলোতে শিমের দামও পড়ে গেছে। এসব কাঁচামাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরে চালান নিয়ে যাওয়া হয়।