সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’

উদ্যোক্তা খুঁজে বের করার সর্বোচ্চ আয়োজন 'স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান'-এর বিশ্ববিদ্যালয় পর্বের পিচিং রবিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (BAUET)। আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ও ইয়াং বাংলার ব্যবস্থাপনায় পরিচালিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয় পর্বের ওয়ার্কশপ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (BAUET) হওয়া 'স্টুডেন্ট টু স্টার্টআপ: চ্যাপ্টার ওয়ান'-এর বিশ্ববিদ্যালয় পর্বের উদ্বোধন করেন বিশেষ অতিথি স্থানীয় এমপি মো. শহিদুল ইসলাম (বকুল), নাটোর-১।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম, পিএসসি।আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সৈয়দ মুজিবুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

উদ্ভাবনী ভাবনা, উদ্যোগ ও স্টার্টআপকে ব্যবহার করার লক্ষ্যে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানে আলোকিত হয়ে ৮ মার্চ কেন্দ্রীয় সমন্বয় কর্মশালার মাধ্যমে শুরু হয় ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’-এর যাত্রা।

দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’ প্রতিযোগিতা। নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের থেকেও অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ক্যাম্পাস পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা হবে ৩টি দল। ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১২০ দল নিয়ে সাভারে অনুষ্ঠিত হবে ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’। 

পরবর্তীতে দর্শক এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার শীর্ষ ৩০ স্টার্টআপ। সর্বশেষে জাতীয় পর্যায়ে সেরা ১০ উদ্ভাবনী ভাবনা বা স্টার্টআপ নির্বাচন করা হবে যাদের সব ধরণের সহায়তা প্রদান করবে ‘আইডিয়া’ প্রজেক্ট।

দেশের অন্যান্য স্থান থেকে বিশ্ববিদ্যালয় রাউন্ডে অংশ নিতে এখনো আবেদন করতে পারবেন এই ঠিকানায়: startupbangladesh.gov.bd/student-to-startup/ অথবা https://bit.ly/2Fus2jd

ইত্তেফাক/জেডএইচ