ভাণ্ডারিয়ায় জুয়াড়ি
ও মাদক বিক্রেতাসহ
১৬ জনের কারাদণ্ড
প্রকাশ : ১৭ মার্চ ২০১৩, ২০:২৭
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জুয়া খেলা ও গাঁজা বিক্রয়ের অভিযোগে গত শনিবার ভ্রাম্যমাণ আদালত ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে। দন্ডিতদের মধ্যে ১৩ জন জুয়াড়ি ও তিনজন গাঁজা বিক্রেতা। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কাজি মাহবুবুর রশীদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক এ দন্ডাদেশ দেন।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক আঃ হক জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে রিয়াজ, হাসানুজ্জামান ও মামুন নামে তিন গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। পরে রাত একটার দিকে পুলিশ ভূবনেশ্বর সেতুর সন্নিকটের একটি বাসায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এসময় পুলিশ জুয়া খেলায় ব্যবহূত সরঞ্জামাদি ও নগদ ৭০ হাজার টাকা জব্দ এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে । জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।